শেয়ারবাজার ছেড়ে যাচ্ছে আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড বা তহবিল। আজ রোববার থেকে স্টক এক্সচেঞ্জে আর তহবিলটির লেনদেন হবে না।
দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১০ কোটি টাকার ১০ বছর মেয়াদি এ তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। ২০০৫ সালে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হয়।
তহবিল ব্যবস্থাপকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পুরোপুরি অবসায়িত বা মেয়াদ পূর্তির পর তহবিলটির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যাবে, নাকি বেমেয়াদি তহবিলে রূপান্তরিত হবে, তা ঠিক করবেন ইউনিটধারীরা। এ জন্য আগামী বছরের ৬ জানুয়ারি ইউনিটধারীদের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। ঢাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তহবিলটির ইউনিট সংখ্যা এক কোটি।
মিউচুয়াল ফান্ডের বিধিমালা অনুযায়ী, কোনো মেয়াদি তহবিলকে বেমেয়াদি তহবিলে রূপান্তর করতে হলে এটির ইউনিটধারীদের মধ্যে এক-চতুর্থাংশের মতামত নিতে হবে।
ইউনিটধারীদের মতামতের ভিত্তিতে এটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর হলেও স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না। স্টক এক্সচেঞ্জের বাইরে এটির লেনদেন হবে। আর যদি বেময়াদি তহবিলে রূপান্তর না হয়, তাহলে সম্পদ মূল্যায়নের পর তার ভিত্তিতে ইউনিটধারীদেরও ইউনিটপ্রতি মূল্য ফেরত দেওয়া হবে।
সর্বশেষ ১৫ ডিসেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, তহবিলটির প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি (নেট অ্যাসেট ভ্যালু) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৯ পয়সা।
এদিকে ডিএসইতে গত বৃহস্পতিবার তহবিলটির প্রতিটি ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের ইউনিটের দাম ৬০ পয়সা বা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সা।