শেয়ারবাজারে আবারও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬২ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। তবে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে।
এ দরপতনের ফলে ঢাকার বাজারের প্রধান সূচক প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দিন শেষে গতকাল ডিএসইএক্স কমে দাঁড়ায় প্রায় ৪ হাজার ৫৮৬ পয়েন্টে। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ সূচকটি ৪ হাজার ৫৫৫ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে নেমেছিল। গতকালের আগ পর্যন্ত এ সূচকটি এ সময়ের মধ্যে ৪ হাজার ৬০০ পয়েন্টের নিচে নামেনি।
যদিও গতকালের আগে দুদিন উভয় বাজারে সূচক কিছুটা বেড়েছিল। সেখান থেকে গতকালের দরপতনের ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। যদিও এমন দরপতনের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি গতকালের বাজার পর্যালোচনা করে যে প্রতিবেদন তৈরি করেছে তাতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের শেয়ারের দরপতনের কারণে এদিন সূচকের বড় ধরনের পতন ঘটেছে। শুধু ব্যাংক খাতের শেয়ারের দরপতন সূচকের পতনের ক্ষেত্রে ৩ শতাংশ নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি প্রকৌশল খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতন সূচকে ২ শতাংশ নেতিবাচক প্রভাব ফেলে। তার বিপরীতে এদিন সূচকে ইতিবাচক প্রভাব রেখেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলো। এ খাতের প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে সূচকের উত্থান-পতনের ক্ষেত্রে ২ শতাংশেরও বেশি ইতিবাচক প্রভাব ফেলে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যাংক খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা বা বিরূপ মানসিকতা তৈরি হয়েছে। এর পেছনে হয়তো যৌক্তিক অনেক কারণ বা বিবেচনাও থাকতে পারে। সাম্প্রতিক সময়ে একাধিক ব্যাংক শেয়ারধারীদের জন্য ভালো লভ্যাংশ ঘোষণা করার পরও সেই শেয়ারের দরপতন ঘটেছে। এ কারণে এ খাতের ওপর হয়তো বিনিয়োগকারীদের আস্থাহীনতা বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৯ ব্যাংকের শেয়ারের মধ্যে একটিরও দাম বাড়েনি। শুধু তিনটির দাম অপরিবর্তিত ছিল। দর হ্রাস পাওয়া শীর্ষ ১০ কোম্পানির ছয়টিই ছিল ব্যাংক।
ডিএসইতে বুধবার মোট ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪০টিরই দাম কমেছে, বেড়েছে কেবল ৪২টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩১০ কোটি টাকা।
চট্টগ্রামের বাজারে এদিন সার্বিক সূচক কমে নেমে এসেছে ১৪ হাজার ৪৩ পয়েন্টে। ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টিরই দাম কমেছে, বেড়েছে কেবল ৩০টির আর অপরিবর্তিত ছিল ৩০টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি টাকা।