শেয়ারবাজারে আসতে রবি আরও সময় চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি। এ জন্য তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সময় চেয়েছে।
সম্প্রতি রবির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিএসইসির কাছে এ সময় চাওয়া হয়। বিএসইসির আইনি বিধান অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত কোনো পাবলিক লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা বা তার বেশি হলে নির্দিষ্ট একটি সময়ের পর ওই কোম্পানিকে আইপিওতে আসতে হয়।
যদিও বাংলাদেশে নিবন্ধিত অনেক কোম্পানিই এ আইনি বিধান পরিপালন করেনি এবং বিএসইসিও এ আইনি বিধান পরিপালনে কোম্পানিগুলোকে বাধ্য করতে পারেনি।
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রবি এ আইন পরিপালনের ক্ষেত্রে নিজেরাই এগিয়ে এসে আইপিওর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় চেয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকায়।
রবি তাদের চিঠিতে বিএসইসিকে এ-ও জানিয়েছে, কোম্পানিটির আর্থিক অবস্থা এখন খুব শক্তিশালী নয়। কারণ ২০১৪ সালে কোম্পানিটি তৃতীয় প্রজন্মের থ্রিজি লাইসেন্স ক্রয় ও নেটওয়ার্ক সম্প্রসারণে বিপুল অর্থ বিনিয়োগ করেছে।
এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি চলতি বছর আবারও নতুন করে থ্রিজি তরঙ্গ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলে তাতেও বিপুল অর্থ বিনিয়োগ করতে হবে। এর বাইরে মোবাইল সিম প্রতিস্থাপন বাবদ জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর রবিসহ অন্যান্য মোবাইল ফোন অপরাটেরদের কাছে বিপুল অঙ্কের কর দাবি করছে। সেটিরও কোনো সুরাহা এখনো হয়নি। যদি এনবিআরের দাবি অনুযায়ী ওই কর পরিশোধ করতে হয়, তাহলে তাতে কোম্পানিটি আর্থিকভাবে আরও সমস্যায় পড়বে। তাই এ অবস্থায় কোম্পানিটি শেয়ারবাজারে শেয়ার ছাড়ার বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে।
এ ছাড়া টেলিকম কোম্পানির ওপর আরোপিত ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক কর হারকে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা মনে করে প্রতিষ্ঠানটি। রবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, সিকিউরিটিজ আইনের বিধান অনুযায়ী কোনো পাবলিক লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি হলে সেই কোম্পানিকে শেয়ারবাজারে আসতে হবে। তাই রবির পক্ষ থেকে এ বিধানটি পরিপালনে কিছুটা সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে। কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে জানতে চাইলে রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর প্রথম আলোকে বলেন, ‘আমরা অবশ্যই শেয়ারবাজারে আসব। তবে বাজারের দিক থেকেও একটা উৎকৃষ্ট সময়ের অপেক্ষায় আছি। এমন একটি আর্থিক ভিত্তি নিয়ে আমরা শেয়ারবাজারে আসার চিন্তা করছি, যাতে বিনিয়োগকারীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। এই মুহূর্তে আমাদের পুরোপুরি মনোযোগ গ্রাহকসেবার পরিধি বাড়ানো, নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রযুক্তির উন্নয়নে। এ কাজগুলো গুছিয়ে নিয়েই আমরা শেয়ারবাজারে আসার বিষয়ে কাজ করতে চাই। সে জন্য কিছুটা সময় চাওয়া হয়েছে।’
বর্তমানে দেশের টেলিকম খাতের কোম্পানিগুলোর মধ্যে একমাত্র গ্রামীণফোনই শেয়ারবাজারে তালিকাভুক্ত। ২০০৯ সালে কোম্পানিটি আইপিওতে শেয়ার ছেড়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।