শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত
চলতি সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও দুই স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্যসূচক বেড়েছে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন রোববারের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩১ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসইএস সূচক প্রায় ৭ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক প্রায় ১৩ পয়েন্ট বেড়েছে।
গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে।
সপ্তাহের প্রথম দিনে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়েছিল। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ১০১ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের। ঢাকার বাজারে গতকাল মোট ৪২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি টাকা বেশি। রোববার এই স্টক এক্সচেঞ্জে ৩৬২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে সিএসইতে গতকাল ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম বেড়েছে ১৫১টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের। চট্টগ্রামের বাজারে এদিন ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। রোববার সিএসইতে ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল অলিম্পিক অ্যাকসেসরিজ। প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।