শেয়ারবাজারে কোম্পানি ও অংশীদারি প্রতিষ্ঠানের কর আদায়ে জটিলতা
চলতি ২০১৪-১৫ অর্থবছরের শেষভাগে এসে শেয়ারবাজারে কোম্পানি ও অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনি মুনাফার ওপর আরোপিত কর আদায়ের জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহায়তা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
একই সঙ্গে আরোপিত কর আদায়ে নতুন প্রস্তাবও তুলে ধরেছে এসব প্রতিষ্ঠান। এনবিআরের সঙ্গে গত রোববার অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে ডিএসই ছাড়াও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়কর অধ্যাদেশের ৫৩ ধারা অনুযায়ী, চলতি অর্থবছরে কোম্পানি ও অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনি মুনাফার ওপর ১০ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স নামের কর আরোপ করা হয়। উৎসে এ কর আদায়ের নির্দেশ দিয়েছিল এনবিআর। নির্দেশনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, ব্যাংক, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ কর আদায়ের কথা।
প্রসঙ্গত, শেয়ারবাজারে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মূলধনি মুনাফা করমুক্ত।
কিন্তু অর্থবছরের শেষ পর্যায়ে এসে এখন সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, ব্যাংক, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, কোম্পানির মূলধনি লাভ হিসাব করে উৎসে কর আদায় সম্ভব নয়। কারণ যে প্রক্রিয়ায় মুনাফার হিসাব করতে হয় তা সঠিকভাবে নিরূপণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নিজেদের উদ্যোগে মূলধনি লাভ হিসাব করে প্রযোজ্য কর বছর শেষ হওয়ার আগে তা পরিশোধ করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এনবিআরকে অবহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সভায় সিডিবিএলের তথ্য তুলে ধরে জানানো হয়, বর্তমানে দেশের শেয়ারবাজারে প্রায় আট হাজার কোম্পানির বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব রয়েছে। কিন্তু অংশীদারি প্রতিষ্ঠানের নামে কোনো বিও হিসাব নেই।