শেয়ারবাজারে গুজব ছড়ানোয় দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর দায়ে প্রিমিয়ার ব্যাংক ব্রোকারেজ হাউসের সাবেক এক কর্মকর্তা মাহবুব সারওয়ারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুঁজিবাজার-সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ রায় দেন। এটি ট্রাইব্যুনালের প্রথম রায়। বিচারিক কার্যক্রম শুরুর মাত্র দেড় মাসের মাথায় এ রায় ঘোষণা করেন বিচারক হুমায়ুন কবীর।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহবুব সারওয়ারের বিরুদ্ধে ২০১০ সালের মার্চে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী হাসিবুর রহমান।
আইনজীবী হাসিবুর রহমান জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ও ২৪ ধারা এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১০ ও ১৮ ধারায় এ মামলা করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গতকাল রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে প্রথমে পল্টন থানায় ও পরবর্তী সময়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর দায়ে বিএসইসির পক্ষ থেকে মাহবুব সারওয়ারের বিরুদ্ধে ২০১০ সালের ৯ মার্চ গুলশান থানায় মামলা করা হয়। এর আগে বিএসইসির অভিযোগের ভিত্তিতে একই বছরের ৩ মার্চ সন্ধ্যায় প্রিমিয়ার ব্যাংক ব্রোকারেজ হাউসের বনানী ইকবাল সেন্টারের কার্যালয় থেকে র্যাব তাঁকে আটক করে। মাহবুব ওই ব্রোকারেজ হাউসে বাজার বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। আটকের পর র্যাব তাঁকে গুলশান থানায় হস্তান্তর করলে সেখানেই তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে মামলা করে বিএসইসি। পরে মাহবুব সারওয়ার আদালত থেকে ওই মামলায় জামিনে ছিলেন।
বিএসইসি সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শেয়ারবাজারে গুজব ছড়ানোর বিষয়টি জানতে পেরে এ বিষয়ে বিএসইসি তদন্তের উদ্যোগ নেয়। গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং এ বিষয়ে র্যাবের সহায়তা নেয়।
২০১০ সালেই মামলাটি বিচারিক কার্যক্রম শুরুর জন্য মুখ্য মহানগর হাকিম বা সিএমএম আদালতে পাঠানো হয়। সিএমএম আদালত থেকে পরবর্তী সময়ে মহানগর দায়রা জজ এবং পরিবেশ আপিল আদালত ঘুরে এটি পুঁজিবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনালে আসে। চলতি বছরের ২১ জুন থেকে ট্রাইব্যুনালে এটির শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বিএসসি সূত্র জানায়, ২০১০ সালে শেয়ারবাজার ধসের আগে মাহবুব ফেসবুক, ব্লগসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কোম্পানি সম্পর্কে গুজব ছড়াতেন। এমনকি এসব গুজবের মাধ্যমে অনেক বিনিয়োগকারীকে বিনিয়োগের পরামর্শ দিতেন। এসব কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ তৈরি করেন। যেখানে তিন হাজারের মতো সদস্য ছিলেন। গ্রুপের সদস্যদের বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচার পরামর্শ দিতেন মাহবুব, তার বিনিময়ে লাভের অংশ থেকে ২০ শতাংশ অর্থ নিতেন তিনি। ২০১০ সালের ৩ মার্চ আটকের পরপরই তিনি এসব কারসাজি ও কর্মকাণ্ডের কথা র্যাবের কাছে স্বীকার করেন। ওই সময় র্যাব তাঁর ব্যাংক হিসাব পরীক্ষা করে জানতে পারে, মাত্র দুই মাসের ব্যবধানে ওই ব্যাংক হিসাবে ২৩ লাখ টাকা জমা হয়েছে।
এদিকে এখনো শেয়ারবাজার নিয়ে বিভিন্ন গ্রুপ ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। বিভিন্ন নামে গ্রুপ খুলে শেয়ার কেনাবেচার পরামর্শ দিচ্ছে। এমনকি শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলেও এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। বিএসইসির কাছে এ ধরনের বিভিন্ন অভিযোগও জমা হচ্ছে। সিকিউরিটিজ আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়ানো ও শেয়ার কেনাবেচার পরামর্শ দেওয়া আইনগতভাবে অপরাধ।
জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজার বিষয়ে গুজব ছড়ানো যে শাস্তিযোগ্য অপরাধ, এ রায়ের ফলে সেটি আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হলো। যেকোনো অপরাধের বিচার হওয়া একটি ভালো লক্ষণ। এ রায় বাজারে একটি ভালো বার্তা পৌঁছাবে।