শেয়ারবাজারে টানা পাঁচ দিন দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতন হলো। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে নেমে গেছে। এটি গত সাড়ে আট মাসের মধ্যে ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত বছরের ১৩ জুলাই এই সূচক ছিল ৪ হাজার ৩৪৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ১৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩১৫ পয়েন্টে নেমেছে।
তবে আগের দিনের চেয়ে গতকাল দুই বাজারেই লেনদেন বেড়েছে। এর মধ্যে ঢাকার বাজারে এদিন ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে ২৩৬টির দাম কমেছে। বেড়েছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। মোট লেনদেন হয়েছে ৩২৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে এদিন ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১৭৭টির দাম কমেছে। বেড়েছে ৩৩টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।
এদিকে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ারের শেয়ারের লেনদেন শুরুর তৃতীয় দিনে দামে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। প্রথম দিন রোববার কোম্পানিটির ৭২ টাকার শেয়ারের দাম ৯৪ শতাংশ বেড়ে হয় ১৩৯ টাকা; যা দ্বিতীয় দিন সোমবার ৭ টাকা ৬০ পয়সা বা ৬ শতাংশ কমে নেমে যায় ১২৭ টাকায়। গতকাল প্রতিটি শেয়ারের দাম ১৬ দশমিক ২৪ শতাংশ বা ২০ টাকা ৮০ পয়সা বৃদ্ধি পায়। এদিন ডিএসইতে ইউনাইটেড পাওয়ারের সর্বশেষ দাম ছিল ১৪৮ টাকা ৯০ পয়সা। আগের দুই দিনের মতো গতকালও দুই শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল এই কোম্পানি।
দুই বাজার মিলিয়ে গতকাল কোম্পানিটির ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ডিএসইতে প্রায় ৫৯ কোটি ৪২ লাখ টাকা এবং সিএসইতে ১৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইফাদ অটোস, এসিআই, এমজেএল বিডি, গ্রামীণফোন, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, ফার্মা এইড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও স্কয়ার ফার্মা।