শেয়ারবাজারে দরপতন অব্যাহত
শেয়ারবাজার আবারও দরপতনের ধারায়। টানা পাঁচ দিন দরপতনের পর গত সোমবার কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেলেও বুধবার থেকে বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। এ প্রবণতা অব্যাহত ছিল গতকাল বৃহস্পতিবারও। গতকালের লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মঙ্গলবার অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় দেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই আশঙ্কারই প্রভাব পড়েছে শেয়ারবাজারে। নির্বাচনের আগের দিন সোমবার অবশ্য দুই স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য বেড়েছিল। যদিও বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই বৃদ্ধি ছিল অনেকটা কৃত্রিম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসির গতকালের বাজারবিষয়ক প্রতিবেদনে বলা হয়, বাজারে টানা নিম্নমুখী প্রবণতায় প্রতিদিনই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীদের একাংশ নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে অর্থ তুলে নিচ্ছে বাজার থেকে। এ কারণে দরপতন আরও ত্বরান্বিত হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে গতকাল ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৭ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ডিএসইএক্স সূচক চালু হয়। এদিন ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে এ সূচকটির যাত্রা শুরু হয়। সূচকের গতকালের অবস্থান যাত্রা শুরুর দিন থেকে নিচে নেমে এসেছে। ২০১৩ সালের মার্চেও অবশ্য সূচক একবার চার হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও গতকাল ২১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪২৭ পয়েন্টে।