শেয়ারবাজারে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে প্রণোদনার পরও শেয়ারবাজারের দরপতন অব্যাহত রয়েছে। আগের দিনের বড় দরপতনের পর গতকাল মঙ্গলবারও বাজারে সূচক ও লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫১৪ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৪ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টিরই দাম কমেছে, বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি টাকা কম।
সিএসইতে গতকাল লেনদেন হয় ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে ১২৭টির দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।
এদিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ নামের এক কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের গতকালের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ আইপিওতে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ২০ টাকা। সংগৃহীত টাকা কোম্পানিটি মূলধনি বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ ও চলতি মূলধন হিসাবে কাজে লাগাবে। এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল।
বিএসইসির তথ্য অনুযায়ী, আইপিও আবেদনের সঙ্গে জমা দেওয়া ২০১৪ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩৩ পয়সা।