শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক হাহাকার

ক্রমাগত হতাশা থেকে শেয়ারবাজার নিয়ে একপ্রকার আশা ছেড়ে দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাই বাজার নিয়ে এখন আর সাধারণের মধ্যে তেমন কোনো আগ্রহও চোখে পড়ে না। আর এখন এসে এ শেয়ারবাজার নিয়ে হাহাকার দেখা দিয়েছে বাজারসংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে।
২০১০ সালের শেয়ারবাজার-ধসের দীর্ঘ চার বছর পরও বাজারে প্রাণ নেই। লেনদেনে গতি নেই। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বড় ধরনের শঙ্কায় পড়েছে। একাধিক ব্রোকারেজ প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকাংশই বলছেন, এ অবস্থা অব্যাহত থাকলে এক থেকে দেড় বছরের মধ্যে অনেককে প্রতিষ্ঠান গুটিয়ে ফেলতে হবে। অথচ মুনাফার আশায় সাধারণ বিনিয়োগকারীদের মতো এসব প্রতিষ্ঠানও কোটি কোটি টাকার লগ্নি করে যুক্ত হয়েছিল শেয়ারবাজারে।
বিএলআই সিকিউরিটিজ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনকারী শীর্ষ দশ ব্রোকারেজ প্রতিষ্ঠানের একটি। আশির দশক থেকে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেও প্রতিষ্ঠানটিকে অস্তিত্ব টিকিয়ে রাখার কথা ভাবতে হয়নি।
ব্রোকারেজ প্রতিষ্ঠান হিসেবে বিএলআই সিকিউরিটিজ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কোনো ধরনের প্রান্তিক ঋণ বা মার্জিন লোন বিতরণ করেনি। তার পরও অস্তিত্ব টিকিয়ে রাখার শঙ্কায় আছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মিনহাজ মান্নান ইমন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বর্তমানে বাজারের যে অবস্থা তা অব্যাহত থাকলে এক বছরের মধ্যে আমার প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়বে। ২০১০ সালের আগে শেয়ারবাজারের অবস্থা যখন রমরমা তখন সব ব্রোকারেজ হাউস দেশজুড়ে শাখা খুললেও আমরা সীমাবদ্ধ ছিলাম মাত্র দুটি শাখায়। ব্রোকারেজ হাউসগুলোতে যখন ঋণের ব্যবসা জমজমাট তখনো আমরা সে পথে যাইনি। এখনো তাই। এ কারণেই হয়তো এত দিন টিকে ছিলাম।’
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, যেসব ব্রোকারেজ প্রতিষ্ঠান ঋণ ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাদের অবস্থা আরও শোচনীয়।
ডিএসইর এক হিসাব অনুযায়ী, লেনদেনের আয় থেকে স্টক এক্সচেঞ্জটিকে না লাভ, না লোকসানের পর্যায়ে রাখতে হলে প্রতিদিন বাজারে গড়ে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার লেনদেন হতে হয়। অন্যথায় এটির পরিচালন লোকসান হয়। চলতি বছরের ৫৮ কার্যদিবসে (গত বুধবারসহ) ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৪ কোটি টাকা। এই সময়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি টাকা।
ডিএসইর আয়ের যতগুলো খাত রয়েছে তার মধ্যে বড় একটি খাতই হলো লেনদেন বাবদ কমিশন আয়। ডিএসইর একাধিক পরিচালক জানান, বর্তমানে লেনদেনের যে অবস্থা তাতে বেশ বড় অঙ্কের পরিচালন লোকসান দিয়ে চলছে ডিএসই।
জানতে চাইলে শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী বলেন, ‘পরিচালন মুনাফা করতে আমার প্রতিষ্ঠানকে যেখানে প্রতিদিন গড়ে আট কোটি টাকার লেনদেন করতে হয়, সেখানে কোনোভাবেই চার কোটি টাকার বেশি হচ্ছে না। এর ফলে প্রতিষ্ঠানের মাসিক খরচের ৪০ শতাংশ অন্য খাত থেকে জোগান দিতে হচ্ছে।’
একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। পরিচালন মুনাফা করতে হলে সংস্থাটিতে দৈনিক গড়ে ৮০ কোটি টাকার বেশি লেনদেন হতে হয়। সেখানে বর্তমানে প্রয়োজনের প্রায় এক-চতুর্থাংশ লেনদেন হচ্ছে সিএসইতে।
একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা জানান, শেয়ারের বিপরীতে প্রান্তিক ঋণ বিতরণের জন্য মূল ব্যাংকের কাছ থেকে ২০০ কোটি টাকা নেন তাঁরা। এখন সেই ঋণের ১০০ কোটি টাকা ফেরত চায় ব্যাংক। কিন্তু সেটি দেওয়ার মতো সামর্থ্য নেই ব্রোকারেজ হাউসের। কারণ, গ্রাহকদের কাছে বিতরণ করা ঋণের বিপরীতে যে শেয়ার রয়েছে তার সবগুলো বিক্রি করেও ১০০ কোটি টাকার সংস্থান হবে না। বর্তমান বাজারে ১০০ কোটি টাকার শেয়ার বিক্রি করাও দুরূহ কাজ।
বিদ্যমান পরিস্থিতিতে সম্প্রতি ডিএসইর পর্ষদের সঙ্গে এক বৈঠকে শেয়ারবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী বাজেটে বিশেষ পুনরুদ্ধার তহবিল গঠনের দাবি তুলেছে ব্রোকারেজ হাউসগুলো।
বিএসইসি নিয়ে হতাশা: ২০১০ সালে ধসের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফেরাতে খুব বেশি সফল হয়নি। এ সময়ে নিয়ন্ত্রক সংস্থা অনেক আইনি সংস্কার করলেও তার কোনো সুফল বাজারে পড়েনি। বরং হতাশার বাজারে নিম্নমান, দুর্বল মৌলভিত্তি ও মিথ্যা তথ্যে শেয়ারবাজারে আসা নতুন কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন দিয়ে বিএসইসি নিজেদের প্রশ্নের মুখে ফেলেছে।
সার্বিক বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান কথা বলতে অপারগতা প্রকাশ করেন ।
হতাশার বিপরীতে আছে আশা: যাঁরা শেয়ারবাজারে এরই মধ্যে সব হারিয়েছেন তাঁদের জন্য শেয়ারবাজার হতাশার জায়গা হলেও বাজারের বর্তমান অবস্থা নতুন বিনিয়োগকারীর জন্য একই সঙ্গে আশারও। যেসব বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদে শেয়ারবাজারে বিনিয়োগের কথা ভাবছেন তাঁদের জন্য শেয়ার কেনার উৎকৃষ্ট সময় হতে পারে এখন। কারণ, অনেক কোম্পানির শেয়ারের দাম এখন অবমূল্যায়িত অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডিন মোহাম্মদ মূসা বলেন, ক্ষতিগ্রস্ত কিংবা নতুন বিনিয়োগকারীদের কেউ যদি এখন বাজারে নতুন করে অর্থ বিনিয়োগ করেন, তাহলে তাঁদের লাভের সম্ভাবনাই বেশি। কারণ, অনেক শেয়ারের দাম এখন অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে দ্রুত লাভের চেয়ে একটু লম্বা সময়ের জন্যই বিনিয়োগ করতে হবে।
শেয়ারবাজার নিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেটের একটি উক্তি রয়েছে। তাঁর মতে, ‘বেশির ভাগ মানুষই শেয়ারবাজারে আসেন তখন, যখন সবাই আসেন। কিন্তু আসলে করা উচিত উল্টোটি।’ অর্থাৎ বেশির ভাগ মানুষ যখন শেয়ারবাজার-বিমুখ হন তখনই শেয়ারবাজারে প্রবেশের উৎকৃষ্ট সময়।
তবে ভালো মৌল ভিত্তির ওপর নির্ভর করেই শেয়ার বাজারে বিনিয়োগ করার সেই চিরন্তন উপদেশটা মেনে চলতে হবে। তাহলেই শেয়ার বাজারে বিনিয়োগ হবে লাভজনক। তবে এ জন্য নিয়ন্ত্রকের ওপরও আস্থা রাখতে হবে। সেটি কতখানি আছে সেটিই বড় প্রশ্ন।
২০১০ সালে শেয়ারবাজার ধসের চার বছর পরও বাজারে প্রাণ নেই। লেনদেনেও গতি নেই
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ধসের পর দীর্ঘ সময়েও বাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফেরাতে পারেনি
অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বড় ধরনের শঙ্কায় ব্রোকারেজ প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলো
বড় অঙ্কের লোকসান দিয়ে চলছে দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই