শেয়ারবাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় দরপতন ঘটেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৯০ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের কারণেই মূলত সূচক কমেছে। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দুটি বাদে বাকি সব কটি শেয়ারেরই দাম কমেছে। এর মধ্যে বড় মূলধনি কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম কমেছে প্রায় আড়াই শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা। বড় মূলধনি অপর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা বা প্রায় ২ শতাংশ।
ডিএসইতে এদিন ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ১৪০ কোটি টাকা কমে ৩০৯ কোটি টাকায় নেমে এসেছে। পাশাপাশি প্রধান সূচক কমে হয়েছে ৪ হাজার ৭১৬ পয়েন্ট।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কমে ২১ কোটিতে নেমে আসে।