শেয়ারবাজারে সক্রিয় আইসিবি
চীনসহ বিশ্ব শেয়ারবাজারে পতনের নেতিবাচক প্রভাব যাতে দেশের পুঁজিবাজারে না পড়ে, সে জন্য গতকাল বুধবারও লেনদেনে বেশ সক্রিয় ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
প্রতিষ্ঠানটি গতকালও এককভাবে ৫৩ কোটি টাকা বিনিয়োগ করেছে, যা ঢাকার বাজারে এদিনের মোট লেনদেনের প্রায় ১২ শতাংশ। গত মঙ্গলবার শতকোটি টাকা বিনিয়োগ করেছিল আইসিবি। প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে গতকাল ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৬ পয়েন্ট হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৩২ কোটি টাকা। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬০টিরই দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ৫৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ৩৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কম।