শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে ঈদের ছুটির পর থেকে সূচক ও লেনদেনে চাঙাভাব অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ডিএসইতে প্রায় ৮১৩ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা বা ১৪ শতাংশ বেশি। আর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪০ শতাংশ বা ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮০৮ পয়েন্টে। গত প্রায় পাঁচ মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৩১ পয়েন্ট।
গত মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ঈদ-পরবর্তী লেনদেন শুরু হয়। এরপর গত তিন দিনে ঢাকার বাজারের ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৫২ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১ দশমিক ৩০ শতাংশ বা ১৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২০ পয়েন্টে। তবে সিএসইতে ঢাকার বাজারের মতো সূচকের বড় ধরনের উত্থান ঘটলেও লেনদেনে কিন্তু তেমন তেজিভাব ছিল না। বৃহস্পতিবার দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে শেষ কয়েক কার্যদিবস বাজারে সূচক ও লেনদেন কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ছিল। তখন বিনিয়োগকারীদের একটি অংশ বাজার থেকে অর্থ তুলে নিয়ে লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ঈদের ছুটি শেষে তারা পুনরায় বাজারে ফিরতে শুরু করেছেন। ফলে লেনদেনে গতির সঞ্চার হয়েছে বলে অভিমত দেন তাঁরা।
ঢাকার বাজারে গতকাল ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি কোম্পানির। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। এককভাবে কোম্পানিটির প্রায় ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, আর প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।
চট্টগ্রামের বাজারে এদিন ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির।