শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল সোমবার ১৪ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে প্রায় ৩৯ পয়েন্ট।
এ নিয়ে দেশের দুই শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছে। তবে দুই বাজারেই গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে।
ঈদ সামনে রেখে কাল বুধবার থেকে শেয়ারবাজারের লেনদেন ছয় দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে শেয়ার বিক্রির চাপ কমে গেছে। এর ফলে কয়েক দিন ধরে সূচক বাড়ছে। বিক্রির চাপ কমার কারণ সম্পর্কে তাঁরা বলেন, এখন আর শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেওয়া সম্ভব নয়। কারণ, নিয়ম অনুযায়ী, শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে তিন দিন সময় লাগে। সেই হিসাবে ঈদের আগে আর কোনো লেনদেন নিষ্পত্তি হচ্ছে না ভেবেই অনেকে শেয়ার বিক্রি করছেন না।
দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে ২০ জুলাই পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। ২১ জুলাই থেকে পুনরায় উভয় স্টক এক্সচেঞ্জে ছুটি পরবর্তী লেনদেন শুরু হবে।
এদিকে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬২৯ পয়েন্টে। গত চার মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ১০ মার্চ ডিএসইএক্স ৪ হাজার ৬৪৯ পয়েন্টে ছিল।
ঢাকার বাজারে এদিন ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ৫৪টি কোম্পানির। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৯৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে সোমবার ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির। দিন শেষে সিএসইর সার্বিক সূচকটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ২৪২ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম।
শিল্পাঞ্চলে ব্যাংক খোলা কাল: পবিত্র শবেকদর উপলক্ষে কাল বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে শিল্পাঞ্চল এলাকায় বিশেষ ব্যবস্থায় এদিন ব্যাংকগুলোর শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।