শেয়ারের দাম ওঠানামার সীমায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বিদ্যমান ‘সার্কিট ব্রেকার’ বা দাম ওঠানামার সীমায় কিছুটা পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের লেনদেন শুরুর তৃতীয় দিন থেকে দামের ওঠানামার ওপর সীমা বা সার্কিট ব্রেকার আরোপ করা হবে।

এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির দামের ওঠানামার বা সার্কিট ব্রেকারের হিসাবটি এখন থেকে শুধু শতকরা হারে করার নির্দেশও দিয়েছে বিএসইসি। এত দিন এ হিসাবের ক্ষেত্রে শতকরা হারের পাশাপাশি নির্দিষ্ট একটি টাকার অঙ্কও নির্ধারিত ছিল।
আজ বুধবার বিএসইসির কমিশন সভায় এ দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে নতুন তালিকাভুক্ত কোম্পানির লেনদেন শুরুর প্রথম পাঁচ দিন ওই শেয়ারের দামের ওঠানামার ওপর কোনো সীমা থাকত না। এখন সে সময় কমিয়ে দুই দিন করা হয়েছে।
লেনদেন শুরুর প্রথম পাঁচ দিনে দামের ওঠানামার ওপর কোনো সীমা না থাকায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাসের সুযোগ ছিল। যদিও দেশের শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির বেলায় মূল্যহ্রাসের চেয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা বেশি ঘটে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের ৭২ টাকার শেয়ারের দাম প্রথম দিনেই প্রায় ৯৪ শতাংশ বা প্রায় সাড়ে ৬৭ টাকা বেড়ে হয় ১৩৯ টাকা। আর লেনদেন শুরুর এক মাস না যেতেই সেটির দাম বেড়ে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ওঠে। কারণ, লেনদেনের প্রথম পাঁচ দিন এটির দাম ওঠানামায় কোনো ধরনের সীমা আরোপিত ছিল না।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দামের ওঠানামার সীমা বা সার্কিট ব্রেকারের হিসাবের ক্ষেত্রে শতকরা হারের পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের টাকাও আরোপিত ছিল। শতকরা হার বা টাকার অঙ্কে যেটি সর্বনিম্ন সেটিই হতো সার্কিট ব্রেকারের সীমা।
জানা গেছে, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত বিএসইসির সঙ্গে এক বৈঠকে সার্কিট ব্রেকার সংক্রান্ত এসব সুপারিশ তুলে ধরেন ডিএসইর নেতারা। ওই বৈঠকে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের লেনদেন শুরুর প্রথম এক মাস কোনো ধরনের ঋণ-সুবিধা না দেওয়ারও প্রস্তাব করে ডিএসই কর্তৃপক্ষ। তবে ডিএসইর দুটি প্রস্তাবের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলেও ঋণ-সুবিধা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।