শেষ আধঘণ্টায় কমল সূচক
লেনদেনের শেষ আধঘণ্টায় হঠাৎ করেই কমেছে দুই পুঁজিবাজারের সূচক। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
পুঁজিবাজার বিশ্লেষকের বলছেন, শেয়ারবাজারে আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগের দায়ে সাত ব্যাংককে জরিমানার ঘটনায় গত সোমবার বাজারে বড় ধরনের দরপতন হলেও গতকাল মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফেরে বাজারের সূচক। ব্যাংক খাতের শেয়ারের দরপতনের কারণে গত সোমবার সূচকের বড় পতন হয়েছিল। একইভাবে গতকাল ব্যাংক খাতের শেয়ারের দামের উত্থানে বেড়েছে সূচক। আজ সকালেও বাড়তে দেখা যায় ব্যাংক খাতের শেয়ারের দাম। তবে আজকে লেনদেনের শেষ পর্যায়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকায় সূচক কমেছে বলে মনে করছেন তারা।
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১০৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি ১০ লাখ টাকা।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো সিটি ব্যাংক লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে ৭০ পয়েন্টের বেশি।