শেষ কার্যদিবসে বেড়েছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আজ বুধবার থেকে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। এ কারণে আগামী পাঁচ দিন বাজারে লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী সোমবার থেকে আবার লেনদেন শুরু হবে। এরই মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ছুটির এ তথ্য জানানো হয়েছে।

ছুটির আগে গতকাল মঙ্গলবার ছিল দেশের শেয়ারবাজারে শেষ কার্যদিবস। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও কমেছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল প্রায় ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল মোট লেনদেন হয় ৩৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৫৫ কোটি টাকা কম।  এদিন ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির দাম। অন্যদিকে সিএসইতে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩টিরই দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। লেনদেন হয় ৩০ কোটি টাকা, যা সোমবারের চেয়ে ১০ কোটি টাকা কম।