চাঁদা গ্রহণ শুরুর এক দিন আগে গতকাল রোববার সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও স্থগিতের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আজ সোমবার থেকে কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত হয়ে গেল।
জানা গেছে, বিএসইসি গতকাল দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এবং কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে ফ্যাক্সের মাধ্যমে স্থগিতাদেশের বিষয়টি জানায়। কোম্পানি কর্তৃপক্ষকে চারটি জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এ খবর প্রচারের নির্দেশ দিয়েছে।
তবে কী কারণেচাঁদা গ্রহণের এক দিন আগে কোম্পানিটির আইপিও স্থগিত করা হলো, তা বিএসইসির পক্ষ থেকে বলা হচ্ছে না। যোগাযোগ করা হলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের তথ্যে কিছুটা গরমিল রয়েছে। বিষয়টি অধিকতর ব্যাখ্যা ও পরীক্ষা–নিরীক্ষার দাবি রাখে। তাই কমিশন সাময়িকভাবে আইপিও স্থগিত করেছে।
চলতি বছরের ৯ জুন বিএসইসির সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওর অনুমোদন দেওয়া হয়। এর প্রায় আড়াই মাস পর কোম্পানিটি আইপিওর চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণ করে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ আইপিওর মাধ্যমে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছিল। ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ঠিক করা হয় ২০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউস ও স্টক এক্সচেঞ্জসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানিটির আইপিও প্রসপেক্টাস বা বিবরণীতে বড় ধরনের কোনো তথ্য ঘাটতি বা অনিয়ম রয়েছে। যেটি প্রসপেক্টাস অনুমোদনের আগে বিএসইসি ভালোভাবে যাচাই-বাছাই করেনি। শেষ মুহূর্তে এসে অন্য কোনো সূত্রে এটি বিএসইসির নজরে আসে। আর তাতেই তড়িঘড়ি করে আইপিও স্থগিত করা হয়।