শেয়ার কারসাজি মামলায় দুজনের কারাদণ্ড
শেয়ার কারসাজির আরও একটি মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন শেয়ারবাজার-বিষয়ক মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর অাজ বুধবার এ রায় ঘোষণা করেন।
২০০৪ সালে শেয়ার কারসাজির দায়ে সিকিউরিটিজ প্রমোশন অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান শেলী রহমান ও প্রতিষ্ঠানটির তৎকালীন গ্রাহক সৈয়দ মহিবুর রহমানের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলা করে।
মামলাটি গত ১৫ ফেব্রুয়ারি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। সেখানে অভিযুক্তদের অনুপস্থিতিতে এটির বিচার কার্যক্রম শেষ করে আজ রায় ঘোষণা করা হয়। রায়ে ওই দুজনকে দুই বছর করে কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ট্রাইব্যুনালে নিযুক্ত বিএসইসির আইনজীবী মাসুদ রানা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।