শেয়ার কেনাবেচার জন্য নতুন অ্যাপস ডিএসইর
শেয়ার কেনাবেচার জন্য দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন (অ্যাপস) চালু করা হচ্ছে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এ অ্যাপস চালু করা হবে।
অ্যাপসটি চালু হলে বিনিয়োগকারীরা নিজের মোবাইল ফোনে অ্যাপসটি ডাউনলোড করে নিজেই সরাসরি শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। সে জন্য বিনিয়োগকারীকে নিজ নিজ ব্রোকারেজ হাউস থেকে আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। গতকাল রোববার ডিএসইর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, সর্বাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধার সম্মিলন ঘটিয়ে নতুন অ্যাপসটি তৈরি করা হয়েছে। এ অ্যাপসটির মাধ্যমে বিনিয়োগকারী নিজেই ‘বাজারমূল্যে’ শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। এ ছাড়া থাকছে নোটিফিকেশন সুবিধা। এর মাধ্যমে শেয়ার-সম্পর্কিত হালনাগাদ সব তথ্য বিনিয়োগকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। তবে কোনো বিনিয়োগকারী যদি বাজারমূল্যের চেয়ে বেশি বা কম দামে শেয়ার কেনাবেচার আদেশ দেন, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। সে ক্ষেত্রে বিনিয়োগকারীর আদেশটি (অর্ডার) ব্রোকারেজ হাউসের নির্ধারিত ট্রেডারের কাছে জমা হবে। বাজারে যখন শেয়ারের ওই কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে তখন তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে নতুন এ অ্যাপসটি চালুর প্রয়োজনীয়তা ও বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। এ ছাড়া নতুন অ্যাপসটির বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির উপমহাব্যবস্থাপক নিজামউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (চিফ রেগুলেটরি অফিসার-সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান, প্রধান অর্থ কর্মকর্তা (চিফ ফিন্যান্সিয়াল অফিসার-সিএফও) আবদুল মতিন পাটোয়ারি প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুরুতে বিনা মূল্যে ব্রোকারেজ হাউসগুলোকে নতুন অ্যাপস ব্যবহারের সুবিধা দেওয়া হবে। পরে অ্যাপসটির জন্য ব্রোকারেজ হাউস থেকে মাশুল নেওয়া হবে। তবে কত টাকা মাশুল আদায় করা হবে, সেটি ডিএসইর পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত নেবে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে ডিএসইর কর্মকর্তারা জানান।