শেয়ার ছাড়ার পদ্ধতি বদলান: সিএসই
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-পদ্ধতি—কোনটি বেশি কার্যকর? বর্তমানে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিশ্বে দুটি পদ্ধতির অধিক ব্যবহার রয়েছে। এর একটি হলো ঘোষণাভিত্তিক বা ডিসক্লোজার বেইজড; অন্যটি মানভিত্তিক বা মেরিট বেইজডপদ্ধতি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই প্রস্তাব করছে, দেশে ঘোষণাভিত্তিক পদ্ধতির পরিবর্তে মানভিত্তিক পদ্ধতি চালু করা হোক। তাতে ভালো কোম্পানি বাজারে আসতে আগ্রহী হবে ও বিনিয়োগকারীরা লাভবান হবেন। গতকাল সোমবার শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব করেছে সংস্থাটি। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংস্থাটির সভাপতি আবদুল মজিদ।
তবে পুঁজিবাজার-বিশেষজ্ঞরা মত দিয়েছেন, কিছুটা পরিবর্ধন বা পরিমার্জন সাপেক্ষে বর্তমান পদ্ধতিটিই বহাল রাখা হোক।
সিএসই বলছে, বাংলাদেশে বর্তমানে ঘোষণাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়। ফলে কোম্পানিগুলো যে আর্থিক প্রতিবেদন ও দলিলপত্র দাখিল করে সেটির ওপর ভিত্তি করেই আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সিএসই জানিয়েছে, ঘোষণাভিত্তিক পদ্ধতিতে কোম্পানির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন কাগজপত্রের ওপর ভিত্তি করে আইপিও অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে ধরে নেওয়া হয়, কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা তথ্যগুলো সঠিক। অবশ্য মিথ্যা তথ্য দিলে এবং সেটি পরবর্তী সময়ে ধরা পড়লে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আর মানভিত্তিক পদ্ধতিতে কোম্পানির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনার মূল্যায়নের মাধ্যমে নানা তথ্য সংগ্রহ এবং সেগুলোর সত্যতা নিশ্চিত করে তারপর ওই কোম্পানিকে অনুমোদন দেবে নিয়ন্ত্রক সংস্থা।
সিএসইর এমন প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমার মতে, মানভিত্তিক পদ্ধতিতে না গিয়ে ঘোষণাভিত্তিক পদ্ধতিতে থাকাটাই ভালো। তবে ঘোষণাভিত্তিক পদ্ধতিটির সঙ্গে সরেজমিন পরিদর্শনের বিধানটি যুক্ত করা দরকার। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেই এই সরেজমিন পরিদর্শনের কাজটি করতে হবে।’
এ বিষয়ে পুঁজিবাজার-বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ প্রথম আলোকে জানান, বর্তমান পদ্ধতিটি খারাপ না। বিএসইসি চাইলেই বর্তমান পদ্ধতিতেও কোম্পানির দেওয়া বিভিন্ন তথ্যের সত্যতা নিশ্চিত ও সরেজমিনে যাচাই-বাছাই করতে পারে। বিএসইসির আইনি সেই ক্ষমতাও রয়েছে। পাশাপাশি কোম্পানির তিন বছরের ব্যবসায়িক কর্মকাণ্ড, করসংক্রান্ত তথ্যগুলো আইপিও বিবরণীপত্রের (প্রসপেক্টাস) শুরুতে দর্শনীয়ভাবে প্রকাশের ব্যবস্থা করা উচিত। এগুলো করা গেলে বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের কোনো দরকার হবে না।
বাজারের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সিএসই বলেছে, বর্তমানে দৈনিক লেনদেনকারীরা বাজারে বেশি সক্রিয়। অথচ পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
সরকার, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নেওয়া কিছু সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলেও সম্মেলনে জানান সিএসই সভাপতি। তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এ রকম কোম্পানির করহার আড়াই শতাংশ কমানো হয়েছে। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে কর-বৈষম্য সৃষ্টি হয়েছে।
এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক নির্দেশনা জারি করা হয়। তাতে পুঁজিবাজারে ব্যাংকগুলোর মাসভিত্তিক বিনিয়োগ তথ্য প্রতি মাসের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়, যা পুঁজিবাজারে বিনিয়োগপ্রবাহ কমিয়েছে। পাশাপাশি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা কমিয়ে আনার নির্দেশও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া গত জুলাই মাস থেকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী শেয়ারের বিপরীতে ঋণসীমা কমিয়ে ১:০.৫ করা হয়েছে। এর ফলে বাজারের তারল্যপ্রবাহ কমেছে। জুলাইয়ের আগে ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তাদের গ্রাহকদের শেয়ারের বিপরীতে ১:১ হারে ঋণ দিতে পারত।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সিএসইর বেশ কিছু পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপের কথা জানানো হয়। সিএসই জানিয়েছে, এখন থেকে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার বাজারের পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তারই অংশ হিসেবে গতকালের সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।