শেয়ার ছেড়ে দিচ্ছেন মুস্তাফা আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকে থাকা সিংহভাগ শেয়ার ছেড়ে দিচ্ছেন ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার। বর্তমানে তাঁর হাতে ব্যাংকটির ৪২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ার রয়েছে। বাজারদরে ৪০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে তাঁর হাতে থাকবে মাত্র ২ লাখ ২৬ হাজার ৩৩২ শেয়ার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।
গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৎকালীন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজীজুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান পদত্যাগ করেন। একই দিন মুস্তাফা আনোয়ার পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন। ইসলামী ব্যাংকে তিনি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিনিধি পরিচালক।
যোগাযোগ করা হলে গতকাল বৃহস্পতিবার মুস্তাফা আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘নতুন একটি ব্যবসা শুরু করব। এ কারণে ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিচ্ছি। এর সঙ্গে অন্য সম্পর্ক নেই। কারও চাপে পড়েও শেয়ার ছাড়ছি না।’
২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। গেল বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১২ পয়সা। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৩ মে সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাবে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করবে ব্যাংকটি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। গতকাল ডিএসইতে ইসলামী ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর উঠেছিল ৪৯ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন ২১ টাকা।