শেয়ার লেনদেনে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারের লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গতকাল সোমবার দিন শেষে নেমে এসেছে ৫৭৬ কোটি টাকায়। গত ৩০ জানুয়ারিও এই লেনদেন ছিল হাজার কোটি টাকার ওপরে।

হঠাৎ করে লেনদেনে খরা দেখা দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের চেয়ে কিছুটা কমে গেছে। নতুন বিনিয়োগ আসার পরিমাণও কিছুটা কমেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ধারাবাহিক ঊর্ধ্বগতির পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়। তাতে শেয়ারের দাম কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারীর লেনদেন সক্ষমতাও হ্রাস পায়। অন্যদিকে বাজারে কিছুটা ধীরগতি থাকায় আগের মতো নতুন করে খুব বেশি বিনিয়োগ আসছে না।

এদিকে লেনদেনে কিছুটা খরা থাকলেও গতকাল দিন শেষে ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ১২৮ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৯ পয়েন্টে। তবে দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।

বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের যেসব ঋণাত্মক ঋণ হিসাব ছিল, আইনি বাধ্যবাধকতা বা কমপ্লায়েন্স পরিপালন করতে গিয়ে সেগুলোর লেনদেন বন্ধ হয়ে গেছে। কারণ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসব হিসাবে লেনদেনের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছিল, তার সময়সীমা পেরিয়ে গেছে। নতুন করে এ সময় বাড়াতে বিএমবিএর পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়েছে। বাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ কিছুটা কমে যাওয়ার এটিও একটি কারণ।

ছায়েদুর রহমান বলেন, ‘একটানা বৃদ্ধির পর বাজারে কিছুটা মূল্য সংশোধনের প্রয়োজন ছিল। গত কয়েক দিনে বাজারে মূল্য সংশোধন হয়েছে। আশা করছি শিগগিরই বাজার আবারও তার নিজস্ব গতি ফিরে পাবে। লেনদেনে গতিসঞ্চার হবে।’

নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন পরিচালক বলেন, ধারাবাহিক ঊর্ধ্বগতির একপর্যায়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাঁদের হাতে থাকা অনেক শেয়ার বিক্রি করেছেন। অনেক ঋণাত্মক ঋণ হিসাবকেও তাঁরা সমন্বয় করেছেন। তাই বাজারে মূল্য সংশোধন হয়। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবারও লেনদেনে সক্রিয় হলে বাজারেও গতি ফিরবে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলো। এদিন এ খাতের প্রতিটি শেয়ারের দাম গড়ে ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ছিল ওষুধ ও প্রকৌশল খাতের। ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশই ছিল এ দুই খাতের।

ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৩টি আর্থিক কোম্পানির মধ্যে ১৭টিরই দাম বেড়েছে, কমেছে একটির আর অপরিবর্তিত ছিল ৫টির দাম। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে সাইফ পাওয়ারটেক। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম দিন শেষে ১ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৫০ পয়সায়। মূল্যবৃদ্ধিতে ঢাকার বাজারে শীর্ষে ছিল ইস্টার্ন ইনস্যুরেন্স। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় তিন টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকায়।

ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা কমেছে। তবে বেড়েছে চট্টগ্রামের বাজারে। সেখানকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাড়ে ৫ কোটি টাকা কম।