শেয়ারবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

শেয়ারবাজার ছাড়ছেন লাখ লাখ বিনিয়োগকারী। মাত্র এক মাসেই প্রায় দেড় লাখ বিনিয়োগকারী বাজারের সঙ্গে নিজেদের সম্পর্ক ছিন্ন করেছেন। শেয়ার লেনদেনের অপরিহার্য উপাদান বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব বন্ধ করে দিয়েছেন এসব বিনিয়োগকারী।
বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের হিসাবে, গত ৩০ জুন শেয়ারবাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ২৯ লাখ ৫৮ হাজার ৩৫৩টি। আর ৪ আগস্ট সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ লাখ ১৩ হাজার ৮১৫টি। অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে বন্ধ হয়েছে প্রায় দুই লাখ ২০ হাজার বিও হিসাব। আর ২০১১ সালের জুনের মাঝামাঝি সক্রিয় বিও হিসাব ছিল প্রায় ৩৪ লাখ ২০ হাজার। চলতি বছরের ৩০ জুন তা নেমে এসেছে সাড়ে ২৯ লাখে।
প্রসঙ্গত, শেয়ারবাজারে লেনদেনের জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি প্রত্যেক বিনিয়োগকারীকে ব্রোকারেজ হাউসে একটি করে হিসাব খুলতে হয়। শেয়ারবাজারে এটি বিও হিসাব নামেই পরিচিত। একজন বিনিয়োগকারী নিজ নামে ও যৌথভাবে সর্বোচ্চ দুটি হিসাব খুলতে পারেন।
২০১০ সালে শেয়ারবাজার ধসের সাড়ে তিন বছর পর বিনিয়োগকারীদের চলে যাওয়ার এই প্রবণতাকে পুরো বাজারের জন্য খারাপ বার্তা বলে অভিহিত করেছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, যাঁরা এই বাজারে এসেছিলেন তাঁরা অনেক আশা নিয়েই এসেছিলেন। এখন তাঁদের চলে যাওয়ার মানে দাঁড়ায় তাঁরা আশাহত হয়ে ফিরে যাচ্ছেন।
জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বাণিজ্য অনুষদের প্রধান মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘একটি দক্ষ পুঁজিবাজারের জন্য দরকার অধিক সংখ্যক ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণ। তাই ক্রেতা-বিক্রেতার সংখ্যা যত বাড়বে তা বাজারের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আর আমাদের বাজার থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাতে করে দক্ষ বাজার গড়ে তোলার পথে আমরা পেছনের দিকেই হাঁটছি।’
মোহাম্মদ মূসা আরও বলেন, যাঁরা চলে যাচ্ছেন তাঁরা তো বাজারের সঙ্গে নিজেদের সম্পর্ক ছিন্ন করছেন। পাশাপাশি তাঁরা অন্যদের যে বার্তাটি দিচ্ছেন সেটি হলো, বাজারে কোনো আশা নেই। তাই তাঁরা ফিরে যাচ্ছেন। এর ফলে যেটি হবে তা হলো নতুন করে বাজারে আসার ব্যাপারে অন্যদের তেমন আগ্রহ তৈরি হবে না। তাই কয়েক লাখ বিনিয়োগকারীর চলে যাওয়ার চেয়ে তাঁদের দেওয়া বার্তাটি বাজারের জন্য অনেক বেশি খারাপ।
শুধু পরিসংখ্যান নয়, লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ব্রোকারেজ হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন বাজারের দুর্দশার কথা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ব্রোকারেজ হাউসে এখন বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে গেছে। অনেক বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে গেছেন। এ কারণে অনেক ব্রোকারেজ হাউস এখন লোকসান গুনছে। লোকসান কমাতে কেউ জনবল আর কেউ শাখা কমিয়ে ফেলছেন। অর্থাৎ লোকসান কমাতে ব্যয় সাশ্রয়ের পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানগুলো।
নিজের প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে রিজভী বলেন, ২০১১-১২ সালে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে তাঁর পাঁচটি শাখায় (প্রধান কার্যালয় বাদে) ১০০ জন চাকরি করতেন। এখন সেই সংখ্যা ৭৫-এ নেমে এসেছে। অর্থাৎ ২৫ শতাংশ জনবল কমেছে।
রিজভী জানান, বাজারে ৫০০ কোটি টাকার লেনদেন হলে ব্রোকারেজ হাউসগুলো কিছুটা লাভজনক অবস্থায় থাকে। আর লেনদেন এর নিচে হলে লোকসান বাড়তে থাকে।
ডিএসইর হিসাব অনুযায়ী, গত জুনে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৫২ কোটি টাকা। জুলাইয়ে তা নেমে এসেছে ২৪২ কোটি টাকায়।
জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন বিও হিসাব খোলা ও বন্ধ হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন করে একদল বিনিয়োগকারী বাজারে আসে আরেক দল হয়তো চলে যায়। কখনো কখনো শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি থাকে। কখনো তাতে ভাটা পড়ে। অনেকগুলো বিষয়ে শেয়ারবাজারের অবস্থান নির্ভর করে। তাই বিও হিসাব বন্ধ হওয়ার তথ্য দিয়ে বিনিয়োগকারীদের আশাহত হওয়ার কথা বলা যাবে না।
তবে ডিএসইর হিসাব অনুযায়ী, লেনদেনের কর বাবদ গত জুলাইয়ে সরকার রাজস্ব পেয়েছে প্রায় চার কোটি টাকা। জুনে যার পরিমাণ ছিল পৌনে আট কোটি টাকা। একই সঙ্গে বিও হিসাব রক্ষণাবেক্ষণ মাশুল থেকে পাওয়া সরকারের আয়ও কমেছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি বিও হিসাবের বিপরীতে বছরে ৫০০ টাকা রক্ষণাবেক্ষণ ফি দিতে হয়। এর মধ্যে ১৫০ টাকা পায় সিডিবিএল। ১০০ টাকা পায় যে প্রতিষ্ঠান বা ডিপজিটরি অংশীদারের মাধ্যমে বিও হিসাব খোলা হয়েছে তারা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পায় ৫০ টাকা। আর বাকি ২০০ টাকা সরাসরি সরকারের কোষাগারে যায়। সেই হিসেবে দুই লাখ ২০ হাজার বিও হিসাব বন্ধ হয়ে যাওয়ায় সরকারের আয় কমেছে চার কোটি ৪০ লাখ টাকা।
প্রতিবছর ৩০ জুনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাব রক্ষণাবেক্ষণের টাকা জমা দিতে হয়। তা না হলে ডিপজিটরি অংশীদারেরা নিজ উদ্যোগে বিও হিসাব বন্ধ করে দেয়।
এদিকে বাজারের অবস্থা এখনো এতটাই খারাপ যে সরকারের নেওয়া প্রণোদনার অর্থ গ্রহণেও বিনিয়োগকারীদের খুব বেশি আগ্রহ নেই। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনার অর্থ পাওয়ার যোগ্য এমন বিনিয়োগকারীদের অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ একসময় এসব বিনিয়োগকারী নিয়মিত লেনদেনে অংশ নিতেন। বিও হিসাব ও যোগাযোগের জন্য বিনিয়োগকারীরা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে ফোন করেও অনেককে পাওয়া যাচ্ছে না।
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে দুটি শ্রেিণ রয়েছে। একদল নিজের টাকায় ব্যবসা করে আরেক দল নিজের মূলধনের বিপরীতে ঋণ-সুবিধা নিয়ে ব্যবসা করে। ধসের পর বাজারের ক্রমাগত মন্দাবস্থার কারণে ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সরকার ঘোষিত প্রণোদনা পাওয়ার যোগ্য এমন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বেশির ভাগকে এখন পাওয়া যাচ্ছে না। নিজেদের মূলধন হারিয়ে ফেলা এসব বিনিয়োগকারীর মধ্যে সুদ মওকুফের সুবিধা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ নেই। সুদ মওকুফ ছাড়াও নানাভাবে আমরা বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছি। কিন্তু সেসব উদ্যোগেও আগ্রহ দেখা যাচ্ছে না।’
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের ঘোষণা দেয় সরকার। সেই প্রণোদনা বাস্তবায়নে গঠন করা হয় ৯০০ কোটি টাকার তহবিল। তহবিলের বড় একটি অংশই এখনো অব্যবহৃত পড়ে আছে।
রাজধানীর উত্তরায় বসবাসকারী সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবির মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন করতেন। একসময় নিজে নিয়মিত লেনদেন করলেও এখন আর নিজে লেনদেন করেন না। গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাজারের যে অবস্থা তাতে এখন লেনদেনে কোনো আগ্রহ নেই। এরই মধ্যে নিজের অধিকাংশ পুঁজি হারিয়েছি। বিও হিসাবটি এখনো বন্ধ করিনি। তাই আমার হয়ে আইসিবি ওই হিসাবে লেনদেন করে।’