শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা তুলবে শাশা ডেনিমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান শাশা ডেনিমস। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পাঁচ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি এ অর্থ সংগ্রহ করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারের কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনার ক্ষেত্রে নীতিমালা তৈরির জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
জানা গেছে, ২০০০ সালের জুলাইয়ে উৎপাদন কার্যক্রম শুরু করা পোশাক খাতের কোম্পানি শাশা ডেনিমস ডিইপিজেডে অবস্থিত। কোম্পানিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী পারভীন মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক ছেলে শামস মাহমুদ। পরিচালক হিসেবে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও তাঁর মেয়ে জেরিন মাহমুদ। অর্থাৎ এটি মন্ত্রীর পারিবারিক কোম্পানি।
বিএসইসি জানিয়েছে, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। বাজার থেকে সংগৃহীত ১৭৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ করবে।
২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস তিন টাকা ৭৩ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দাঁড়িয়েছে প্রায় ৫৩ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল।
গত জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে মন্ত্রিসভার আরেক সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান হোটেল পেনিনসুলা। প্রতিষ্ঠানটি আইপিওতে সাড়ে পাঁচ কোটি শেয়ার ছেড়ে সে সময় বাজার থেকে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।
এদিকে বিএসইসি বলেছে, ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো চাইলে মূল বাজারে ফিরতে পারবে। এ জন্য তাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালা পরিপালন করতে পারবে। তবে এখনও নীতিমালা নেই। এ জন্য সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটিকে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিএসইসি বলছে, সাম্প্রতিক সময়ে ওটিসিতে তালিকাভুক্ত কিছু কোম্পানির মূল বাজারে ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বিষয়টিকে বিবেচনা করা হবে।
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অস্তিত্বহীন ও দুর্বল ব্যবসায়িক কর্মকাণ্ডের কোম্পানিগুলোকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে মূল বাজার থেকে পৃথক করে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ে যেসব কোম্পানি কাগুজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরে ব্যর্থ হয়েছে সেগুলোকে মূল বাজার থেকে ওটিসি বাজারে স্থানান্তর করা হয়। বর্তমানে ডিএসইর ওটিসি বাজারে ৬৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওটিসি বাজারে বর্তমানে ৫১টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
চলতি বছরের মে মাসে ওটিসি বাজার থেকে ওয়াটা কেমিক্যাল মূল বাজারে ফিরেছে।