শেয়ারবাজার নিয়ে আশাই শুধু ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি শেয়ারবাজারের বিনিয়োগকারী? বাজেট ঘিরে আশায় বুক বেঁধে ছিলেন? তবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে কী বলেছেন, আসুন সেটি দেখি। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের ৬২ নম্বর পৃষ্ঠায় পুঁজিবাজার নিয়ে একটি অনুচ্ছেদ আছে। তার শেষ দুই লাইনে অর্থমন্ত্রী বলেছেন, ‘পুঁজিবাজার আর্থিক খাতের একটি স্তম্ভ হিসেবে বিকশিত হবার জন্য প্রস্তুত। আশা করা যায়, ফাটকাবাজির অবসান ও নির্মূলের ফলে বাজারটি এবারে জেগে উঠবে।’
অর্থমন্ত্রীর এ বক্তব্যের দুটি অর্থ দাঁড় করানো যায়। একটি হলো, এত দিন পুঁজিবাজার আর্থিক খাতের স্তম্ভ হিসেবে বিকশিত হওয়ার অবস্থানে ছিল না। অপরটি, এত দিন ধরে শেয়ারবাজারে ফাটকাবাজি হয়েছে, সেটি পুরোপুরি নির্মূল করা গেছে। তাই এবার বাজারটি জেগে উঠবে বলে অর্থমন্ত্রীর আশাবাদ।
বর্তমান বাজারে বিনিয়োগকারীদের আস্থা না থাকলেও অর্থমন্ত্রী কিন্তু আশাবাদী। সেই আশার প্রতিফলন দেখতে চাইলে চোখ রাখতে হবে বাজারের সূচকে। আর আপনিও আশাবাদী হলে পকেটের টাকা বিনিয়োগ করে আস্থা রাখতে পারেন।
পুঁজিবাজার বিষয়ে অর্থমন্ত্রী আরও একবার কথা বলেছেন রাজস্ব কার্যক্রম অংশে, বক্তৃতার ৭০ পৃষ্ঠায়। সেখানে তিনি ‘পুঁজিবাজারের মার্জিন (প্রান্তিক) ঋণ ও সুদ (১০ লাখ টাকা পর্যন্ত) মওকুফজনিত সুবিধার কর যোগ্যতা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীকে অব্যাহতি প্রদান’-এর কথা বলেছেন। গত বৃহস্পতিবার বাজেট পেশের পর থেকে শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এটি কী সুবিধা দেওয়া হলো তার কোনো ধারণা পাওয়া গেল না।
শেয়ারবাজারে প্রান্তিক ঋণ সুবিধা দিয়ে থাকে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক। আর তা গ্রহণ করেন বিনিয়োগকারী। বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দেন এ রকম আটটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে কথা হয়। যাঁরা দীর্ঘদিন ধরে এ বাজার ও ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা সবাই বলেছেন, অর্থমন্ত্রীর প্রস্তাবটি তাঁদের কাছে বোধগম্য নয়। কীভাবে ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের কর যোগ্যতা থেকে অব্যাহতি মিলবে, তা-ও জানা নেই। মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বিএমবিএর বর্তমান ও সাবেক একাধিক শীর্ষ ব্যক্তি আরও বলেছেন, অর্থমন্ত্রীর এ প্রস্তাবে ‘অর্থপূর্ণ’ কিছু নেই। কাদের দাবি বা প্রস্তাবের ভিত্তিতে এ ঘোষণা বাজেটে অন্তর্ভুক্ত হলো, তা-ও জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক আহমেদ রশিদ প্রথম আলোকে বলেন, কীভাবে এ সুবিধা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীকে দেওয়া হবে, তা বোধগম্য নয়।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য কিছু প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছিল। কমানো হয়েছিল তালিকাভুক্ত কোম্পানির কর হার। সাধারণ বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজারে আসা নতুন কোম্পানির জন্যও কর রেয়াত সুবিধার ঘোষণা দেওয়া হয়। চলতি অর্থবছরটি প্রায় শেষ হতে চলেছে। নানা কর সুবিধা দেওয়ার পরও বছরজুড়ে বাজারে ছিল মন্দাভাব। ছিল বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও হাহাকার। লাভের মুখ খুব একটা দেখেননি বিনিয়োগকারীরা।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর আশাবাদ বাজারে কতটা গতি ফেরাবে, সেটাই এখন দেখার বিষয়।