শেয়ারবাজার নিয়ে সতর্ক করলেন গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, শেয়ারবাজার সুস্থ ধারায় না থাকলে আবারও ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
গতকাল রোববার মুদ্রানীতি ঘোষণার শেষ পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক ঊর্ধ্বগতি প্রসঙ্গে দু-একটি বাক্যে কিছু যোগ করতে চাই। শেয়ারবাজারে ২০১০ সাল থেকে বিরাজমান মন্দা প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা জরুরি। না হলে অতীতের মতো এবারও প্রলুব্ধ বিনিয়োগকারীরা গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে সতর্কতামূলক উপদেশ জারি করেছে ও বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষা উন্নয়নের বাঞ্ছনীয় পদক্ষেপ নিয়েছে।’
গভর্নর বলেন, উদ্যোক্তাদের শেয়ার এবং অস্বাভাবিক উচ্চ মূল্য আয় অনুপাতধারী শেয়ারগুলোর বিপরীতে মার্জিন ঋণ জোগানে বিধিনিষেধ বাঞ্ছনীয় হতে পারে। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে সতর্ক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ আইনি নির্দেশিত সীমায় রাখার ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও তাদের গ্রাহকদের নেওয়া বিভিন্ন ঋণ সঠিক খাতে ব্যবহারে নজরদারি জোরদার করতে হবে। তারা যেন অস্বাভাবিক মুনাফার আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করে অপব্যবহার না করে।
শেয়ারবাজার ঊর্ধ্বমুখী নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ডায়াগনস্টিক প্রতিবেদন করবে কি না, এমন প্রশ্নের জবাবে ফজলে কবির বলেন, ‘শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কাজ করছে। আমরা শুধু ব্যাংকগুলোর বিনিয়োগ তদারকি করছি।’