শেয়ারবাজার মেলা শুরু বৃহস্পতিবার চলবে তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হবে তিন দিনব্যাপী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬। তিন দিনের এ শেয়ারবাজার মেলা উপলক্ষে ৩০ নভেম্বর আয়োজন করা হয়েছে এক শোভাযাত্রা।
মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো’ নামে এ মেলার আয়োজন করেছে ব্যবসা-বাণিজ্য বিষয়ক নিউজ পোর্টাল অর্থসূচক ডট কম। আয়োজকেরা জানান, এবারের মেলায় ৪০টি শেয়ারবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার পাশাপাশি শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিষয়ের ওপর একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক ডট কমের সম্পাদক জিয়াউর রহমান। এ সময় বর্তমান শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান। উপস্থিত ছিলেন অর্থসূচকের ব্যবস্থাপনা সম্পাদক কামরুন্নাহার শরমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ মেলার আয়োজন। মেলায় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই সঙ্গে প্রবেশ কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। এসব কুপনের র্যাফল ড্রর ব্যবস্থাও রাখা হয়েছে প্রতিদিন। র্যাফল ড্রতে রয়েছে মোটরসাইকেল, ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।