শেয়ারবাজারে অব্যাহত আছে উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্থানের ধারা অব্যাহত শেয়ারবাজারে। গতকাল রোববার ৭০০০ পয়েন্ট ছাড়ানোর পর আজ সোমবার বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। আজ সূচকটি ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৭৫ পয়েন্টে। আজ ডিএসইতে গতকালের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

আজ ডিএসইতে ২ হাজার ৯০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকাল চেয়ে ৩৩ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিএটিবিসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো এডিএন টেলিকম, ইস্টার্ন হাউজিং লিমিটেড, তসরিফা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনভয় টেক্সটাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, শাশা ডেনিম, বাটা শু, ফার্মা এইডস ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্ট। অবস্থান করছে ২০ হাজার ৬৭১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৯৫ কোটি ১৯ লাখ টাকা।