শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল রোববারের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস সূচক ৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে।

এর আগে রোববার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ৪৭ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ১০১ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৪২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি টাকা বেশি। রোববার এই স্টক এক্সচেঞ্জে ৩৬২ কোটি টাকার লেনদেন হয়।

অন্যদিকে সিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দাম বেড়েছে। কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৪৩ কোটি টাকার হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। রোববার সিএসইতে ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ অবস্থানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। আজ প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বেক্সিমকো, কেপিসিএল, এএফসি অ্যাগ্রো, এসিআই ফরমুলেশন, সামিট পাওয়ার প্রভৃতি।