শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবারও ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারের ধারাবাহিকতায় আজও দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকালের চেয়ে লেনদেন সামান্য কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল সোমবারের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস সূচক ১০ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৭ পয়েন্টে।
এর আগে সোমবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৯ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ১০৬ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭ টির দাম বেড়েছে। কমেছে ৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৫৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬২ কোটি টাকা বেশি। সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৪২৮ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪ টির দাম বেড়েছে। কমেছে ৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৩৯ কোটি টাকার হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। সোমবার সিএসইতে ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে এদিন লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে বিএটিবিসি। আজ এ প্রতিষ্ঠানটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, এএফসি অ্যাগ্রো, বেক্সিমকো, তশরিফা ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত প্রভৃতি।