শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ বাড়ছে
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। চলতি বছরের প্রথম তিন মাসে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে। সর্বশেষ গত মার্চ মাস শেষে দেশের শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩০ কোটি টাকায়। ফেব্রুয়ারিতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৩৮ কোটি টাকা। সেই হিসাবে আগের মাসের চেয়ে মার্চ মাসে প্রকৃত বিদেশি বিনিয়োগে প্রায় ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন করে। এর মধ্যে শেয়ার কিনেছে প্রায় ৭১১ কোটি টাকার আর বিক্রি করেছে ৩৮১ কোটি টাকার। অর্থাৎ মার্চে বিদেশিরা যে পরিমাণ শেয়ার বিক্রি করেছে, তার দ্বিগুণেরও বেশি অর্থের শেয়ার কিনেছে।
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে, এমন একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে বিদেশিদের আগ্রহ বাড়ছে। বিশ্বের খ্যাতনামা অনেক বিনিয়োগ প্রতিষ্ঠান নতুন করে বাংলাদেশের বাজারে বিনিয়োগ করেছে। পাশাপাশি পুরোনো বিনিয়োগকারীরাও বেশ সক্রিয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক, একাডিয়ান, মরগ্যান স্ট্যানলি এবং সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান ব্রুমার অ্যান্ড পার্টনারসের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে ধীরে ধীরে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে এমন এক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, বর্তমানে যেসব বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করছে তাদের বেশির ভাগই দীর্ঘমেয়াদি চিন্তা থেকেই বিনিয়োগ করছে। এ জন্য তারা তালিকাভুক্ত এমন কোম্পানিতে বিনিয়োগ করছে, যেসব কোম্পানির ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি রয়েছে।
বাংলাদেশের বাজারে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ বাড়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ব্যাংক খাতের আমানতের সুদের হার অনেক কমে যাওয়ায় বিদেশিরা শেয়ারবাজারে বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে উঠেছে। রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি, এমন প্রতিষ্ঠানেও বিদেশিরা বিনিয়োগে আগ্রহী।
সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতের দেশীয় ব্যাংক দি সিটি ব্যাংকের মালিকানায় বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফআইসি) বিনিয়োগ করায় বিষয়টিও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ২৮ মার্চ সিটি ব্যাংকের মালিকানায় আইএফসির যুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ার কেনার জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চুক্তি করে আইএফআইসি। ১৩১ কোটি টাকায় এ শেয়ার বিক্রির চুক্তি হয়।
এদিকে শেয়ারবাজারে কয়েক দিন ধরে ভালো মৌলভিত্তির দেশি ও বহুজাতিক কয়েকটি কোম্পানির শেয়ারের দামে
বেশ চাঙাভাব দেখা যাচ্ছে। বহুজাতিক ও দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের দাম গত ৫ কার্যদিবসে প্রায় ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ টাকায়। ওষুধ খাতের দেশীয় কোম্পানি স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ৫ কার্যদিবসে ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ টাকা। গতকাল দিন শেষে বেড়েছে লাফার্জ সুরমা ও হাইডেলবার্গ সিমেন্ট, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, আরএকে সিরামিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মতো ভালো মৌলভিত্তির দেশি ও বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের গত তিন মাসে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির চেয়ে কেনার প্রবণতাই ছিল বেশি। জানুয়ারিতে বিদেশিরা ৬১১ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছে ৪২৫ কোটি টাকার। ফেব্রুয়ারিতে ৪৩৬ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছে ১৯৭ কোটি টাকা শেয়ার। ফলে মাস শেষে যোগ-বিয়োগের হিসাবে প্রকৃত বিদেশি বিনিয়োগ বেড়েছে। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ প্রায় ২৮ শতাংশ বেড়েছে। আর মার্চে গিয়ে তা ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে।