শেয়ারবাজারে প্রাণ ফিরবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজার বেশ কিছুদিন ধরে ধুঁকছে। গতি নেই বাজারে। প্রায় তিন মাস ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সীমাবদ্ধ ৫০০ কোটি টাকার নিচে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার ঘোষিত হতে যাওয়া নতুন বাজেটের দিকেই তাকিয়ে এখন বিনিয়োগকারীরা।
যদিও বাজেট সামনে রেখে বিনিয়োগকারীদের জন্য খুব বেশি দাবিদাওয়া নেই। গত মে মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাতে সরাসরি বিনিয়োগকারীদের জন্য যে সুবিধা চাওয়া হয়েছে তা হলো, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা। এর বাইরে ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত দশমিক শূন্য ৫ শতাংশ উৎসে কর কমিয়ে দশমিক শূন্য ১৫ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে ডিএসই। মূলত এ লেনদেন করের দায়ভারও শেষ পর্যন্ত বিনিয়োগকারীর ওপরই বর্তায়।
নতুন অর্থবছরের বাজেট মন্দা বাজারে প্রাণ ফেরাবে—এটাই প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীর। তবে কীভাবে কোন পন্থায় বাজেটের মাধ্যমে বাজারে প্রাণ ফেরানো হবে, তার সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘বাজেটে আমাদের খুব বেশি দাবি নেই। আবার সরকারের দিক থেকে বাজেটের মাধ্যমে শেয়ারবাজারে খুব বেশি কিছু দেওয়ারও নেই। এ অবস্থায় ডিএসইর পক্ষ থেকে লেনদেনের উৎসে কর কমানোর যে প্রস্তাব করা হয়েছে, সেটি বাস্তবায়ন করা হলে লেনদেন কিছুটা বাড়তে পারে। এর বাইরে বাজারের গতি নির্ভর করছে তালিকাভুক্ত কোম্পানির পারফরম্যান্সের ওপর।