কয়েক দিন দর বাড়ার পর গতকাল সোমবার আবারও দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৬৫ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৬৫ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ।
দরপতনের পাশাপাশি দুই বাজারে গতকাল লেনদেনও বেশ কমে গেছে। দিন শেষে ডিএসইর লেনদেন আবারও ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এই বাজারে ৪৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ সপ্তাহের প্রথম কার্যদিবসে গত রোববারও ডিএসইতে প্রায় ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর মধ্যে গতকালের দরপতন নিয়ে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। হঠাৎ করে বাজারের এমন দরপতনের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না তাঁরা।
জানতে চাইলে ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের দর বাড়ার পর গতকাল অনেকের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের একটি অংশ বড় মূলধনি কোম্পানির শেয়ার বিক্রি করে অপেক্ষাকৃত ছোট ও মাঝারি মানের কোম্পানির শেয়ারের প্রতি ঝুঁকেছেন। এর ফলে বড় মূলধনি কোম্পানির শেয়ারের দাম কমেছে, যার প্রভাব পড়েছে সূচকে।
আকতার হোসেন আরও বলেন, বাজারে বড় ধরনের দরপতন সাময়িক। যদি রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকে ও কোনো সহিংসতা ছাড়া সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাহলে তার ইতিবাচক প্রভাব শেয়ারবাজারেও পড়বে।
গতকালের বাজার পরিস্থিতি নিয়ে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ঢাকার বাজারে শুধু সিমেন্ট খাতটিই ইতিবাচক ছিল। এদিন এই খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়।
খাতভিত্তিক লেনদেনে গতকাল সবচেয়ে খারাপ অবস্থায় ছিল ভ্রমণ ও অবকাশ খাতটি। এ খাতের লেনদেন হওয়া তিন কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে প্রায় ৪ শতাংশ করে কমেছে।
আইডিএলসির প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঢাকার বাজারে লেনদেনের ১৩ শতাংশজুড়ে ছিল ৫ এপ্রিল লেনদেন শুরু হওয়া নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। নতুন কোম্পানি হিসেবে অস্বাভাবিক দর বাড়লেও এটি এখন পর্যন্ত ডিএসইর সূচকে অন্তর্ভুক্ত নয়। ফলে এটির মূল্য বৃদ্ধি পেলেও সূচকে তার কোনো প্রভাব পড়ার কথা নয়। কিন্তু বেশির ভাগ বিনিয়োগকারী তাঁদের হাতে থাকা বিভিন্ন শেয়ার, যেগুলো সূচকে অন্তর্ভুক্ত, সেগুলো বিক্রি করে নতুন এই কোম্পানির শেয়ার কেনেন। এতে সূচকে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ইউনাইটেড পাওয়ারের শেয়ার বেশি বিক্রি হওয়াকে গতকালের বাজারে দরপতনের একটি বড় কারণ বলে বাজারসংশ্লিষ্ট অনেকে মনে করেন।
ঢাকার বাজারে গতকাল ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ২৪১টির, বেড়েছে ৪৮টি আর অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে প্রায় ৪ হাজার ৩০৮ পয়েন্টে নেমে এসেছে। আর লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০৩ কোটি টাকা কমেছে।
চট্টগ্রামের বাজারে এদিন ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৭৯টির, বেড়েছে ৪৩টি আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের। দিন শেষে সিএসইর সার্বিক সূচক ১৬৫ পয়েন্ট কমে ১৩ হাজার ২৮৬ পয়েন্টে নেমেছে। আর লেনদেন আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কমে হয়েছে প্রায় ৪২ কোটি টাকা।