শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮০ কোটি টাকার বা এক কোটি মার্কিন ডলারের প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে।
গত বছর একই সময়ে এই বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৮৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে ১০৯ কোটি টাকার।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২৫৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছেন। এর মধ্যে তাঁরা ১৬৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কিনেছেন। তার বিপরীতে বিক্রি করেছেন প্রায় ৮৭ কোটি টাকার সমমূল্যের শেয়ার।
বাংলাদেশি বেশ কিছু ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন। অর্থাৎ এদেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি বিনিয়োগকারীদের পক্ষে শেয়ার কেনাবেচা করে থাকে। দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে এমন ব্রোকারেজ হাউসের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি হলো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ প্রভৃতি।
ডিএসইর তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল দুই হাজার ৪৯৪ কোটি টাকা; যা এর আগের অর্থবছরের (২০১২-১৩) এক হাজার ২৩০ কোটি টাকার চেয়ে ১০২ শতাংশ বা দ্বিগুণের বেশি বেড়েছে।