শেয়ারবাজারে বড় দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল সোমবারও বড় দরপতন ঘটেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টিরই দাম কমেছে। এর ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টিরই দাম কমেছে। এর ফলে ওই বাজারে সার্বিক মূল্যসূচক কমেছে ২৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গত রোববারও দুই স্টক এক্সচেঞ্জে দরপতন ঘটেছিল। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট এবং সিএসইর সার্বিক সূচক ১৮২ পয়েন্ট কমেছিল। সেই ধারাবাহিকতা গতকালও অব্যাহত ছিল। তবে বাজারের এই পতনের জন্য সুনির্দিষ্ট কোনো কারণই বলতে পারছেন না বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে একেকজনের মত একেক রকম।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একাধিক সদস্য বাজারের এই পতনের জন্য নতুন তালিকাভুক্ত কোম্পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন। তাঁদের মতে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর নতুন ওই সব শেয়ারের এখন দরপতন ঘটছে এবং ক্রেতাসংকটও রয়েছে
বাজারে। এর ফলে ওই সব শেয়ারে বিনিয়োগ করা অর্থ আটকে গেছে। অপর একটি অংশের মতে, শেয়ারের বিপরীতে এক কোটি টাকা বা তার বেশি ঋণ নিয়ে যেসব বিনিয়োগকারী সেই ঋণ পরিশোধ করেননি, তাঁদের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবির আওতায় আনার প্রস্তাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থার কাছে এ প্রস্তাব করা হয়।
ডিএসইর সদস্যরা বাজারের পতনের জন্য একাধিক কারণ উল্লেখ করলেও কোনোটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ বলতে পারেননি।