শেয়ারবাজারে সামান্য দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার থেকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লেনদেন শুরু হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে সম্মিলিতভাবে এটির লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩০ টাকা ৪০ পয়সা বা ৮৭ শতাংশ বেড়েছে। তবে দুই বাজারেই এদিন মূল্যসূচক কমেছে।
জামায়াতের ডাকা হরতালের মধ্যেও গতকাল শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলে। লেনদেন শুরুর আগেই স্টক এক্সচেঞ্জের সদস্যরা কেন্দ্রীয় সার্ভার বা লেনদেনযন্ত্রের মাধ্যমে লেনদেনের আগ্রহ প্রকাশ করায় স্বাভাবিক লেনদেন শুরুতে কোনো বেগ পেতে হয়নি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল ওয়েস্টার্ন মেরিন। ডিএসইতে এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৮৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১২ শতাংশ।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটি সাড়ে চার কোটি শেয়ার ছেড়েছে।
গত আগস্টে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর অর্থ সংগ্রহ করা হয়। প্রথম দিনে দুই বাজার মিলিয়ে এটির প্রায় দুই কোটি শেয়ার লেনদেন হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম মিলিয়ে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা। আর প্রথম দিনের লেনদেন শেষে ঢাকার বাজারে এটির দাম বেড়ে হয়েছে ৬৫ টাকা ৪০ পয়সা।
এদিকে সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১০৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচকটি এদিন প্রায় দেড় শতাংশ বা ২৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১০ পয়েন্টে। যদিও দুই বাজারে সূচকের ঊর্ধ্বগতি দিয়েই লেনদেন শুরু হয়।
কিন্তু বেলা ১১টার পর যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় ঘোষণার পরপরই সূচক কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ফাঁসির রায় হলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত মীর কাসেমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইবনেসিনার শেয়ারের দামে বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে প্রায় ১০৬ টাকায়।
সূচক কমলেও দুই বাজারে গতকাল লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকার বাজারে এদিন প্রায় ৭৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি। সিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টিরই দাম কমেছে, বেড়েছে ৭১টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টিরই দাম কমেছে, বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম।