শেয়ারবাজারে সামিটের লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ারের লেনদেন আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গত বুধবার দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সামিট পাওয়ারের সঙ্গে একই গ্রুপের অপর তিনটি সহযোগী প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়টিকে ঘিরে শেয়ারবাজারের জন্য সৃষ্ট জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামিট পাওয়ারের সঙ্গে যে তিনটি প্রতিষ্ঠান একীভূত করা হয়েছে তার মধ্যে তালিকাভুক্ত অপর কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারও রয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, দুই স্টক এক্সচেঞ্জ থেকেই সামিট পূর্বাঞ্চল পাওয়ারকে তালিকাচ্যুত করা হয়। যদিও কোম্পানিটির শেয়ারধারীরা সামিট পাওয়ারের যে শেয়ার পাওয়ার কথা তা পাননি। সিকিউরিটিজ আইন অনুযায়ী যেভাবে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রক্রিয়াটি নিষ্পন্ন করা দরকার ছিল, সেটি করা হয়নি। এ কারণে পুরো বিষয়টিতে কোম্পানি ও স্টক এক্সচেঞ্জের দিক থেকে কোনো গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। পাশাপাশি ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারিকে প্রধান করে তিন সদস্যের আলাদা একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। একই ঘটনায় অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সামিট গ্রুপের জনসংযোগ ও মিডিয়াপ্রধান শামসুদ্দিন হায়দার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোম্পানির দিক থেকে সব ধরনের তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র স্টক এক্সচেঞ্জকে সরবরাহ করা হয়। কোম্পানির দিক থেকে যেসব কাজ করা দরকার ছিল, সেগুলোও যথাযথভাবে করা হয়েছিল।’ তাদের দিক থেকে কোনো গাফিলতি নেই বলে জানান।
পুরো বিষয়টি নিয়ে গতকাল দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।