অতিরিক্ত ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে
শেয়ারবাজারে ১৩ ব্যাংকের বাড়তি বিনিয়োগের সুযোগ
ঋণকে সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তর করে শেয়ারবাজারে অতিরিক্ত ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের সুযোগ নিয়েছে ১৩ ব্যাংক। এসব ব্যাংকের ১ হাজার ৯৮৪ কোটি টাকার ঋণ হয়ে গেছে সহযোগী প্রতিষ্ঠানের মূলধন, ফলে কমে গেছে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ। এতে একদিকে ব্যাংকগুলোর ঋণের চাপ কমে গেছে, অন্যদিকে নতুন করে বিনিয়োগের সুযোগ পেয়েছে।
পাশাপাশি ২১ জুলাইয়ের মধ্যে ব্যাংক কোম্পানি আইন মানার যে বাধ্যবাধকতা ছিল, তা-ও পরিপালিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির অনুমোদনের পরই এ সুযোগ তৈরি হয়েছে।
সুযোগ পাওয়া ব্যাংকগুলো হলো এবি, আইএফআইসি, জনতা, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল, ওয়ান, পূবালী, সাউথইস্ট, শাহজালাল ইসলামী, দ্য সিটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, মার্কেন্টাইল ও প্রিমিয়ার।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। কিন্তু যেসব ব্যাংকের বিনিয়োগ এই সীমার বেশি ছিল, সেসব ব্যাংককে গতকালের মধ্যে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করার নির্দেশনা ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বেরিয়ে আসে, ১৩ ব্যাংকের বিনিয়োগ আইনি সীমার ওপরে ছিল। এ জন্য সহযোগী প্রতিষ্ঠানের ঋণ ও ব্যাংকের শেয়ার সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তর করে বিনিয়োগ সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৩ সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ব্যাংকের ১ হাজার ৯৮৪ কোটি টাকা ঋণ সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তরের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এসব ঋণে ব্যাংকের যে চাপ ছিল, তা কমে গেছে, কোনো সুদ প্রদান করতে হবে না। অন্যদিকে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মূলধন ভিত্তি মজবুত হয়েছে। ঋণ কমে আসায় ব্যাংকগুলোর নতুন করে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে ১৩ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ৫৪০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৯৮৪ কোটি টাকা ঋণ, ১ হাজার ২৯৪ কোটি টাকার শেয়ার, ৪১ কোটি টাকার মিউচুয়াল ফান্ড ও ২২০ কোটি টাকা প্লেসমেন্ট শেয়ার মূলধনে রূপান্তরিত হয়েছে। এতে ১৩ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বেড়ে হয়েছে ৫ হাজার ৬০৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঋণ কমে আসায় শেয়ারবাজারে এবি ব্যাংকের বিনিয়োগ দাঁড়িয়েছে ২১ দশমিক ৯৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৯ দশমিক শূন্য ৩ শতাংশ, জনতা ব্যাংকের ২৩ দশমিক ৮১ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৩ দশমিক ৬৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২১ দশমিক শূন্য ৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ২৩ দশমিক ৯৯ শতাংশ, পূবালী ব্যাংকের ২০ দশমিক ১৫ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ১১ দশমিক শূন্য ৯ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৩ দশমিক ৫৫ শতাংশ, দ্য সিটি ব্যাংকের ১৪ দশমিক ৬৬ শতাংশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ২১ দশমিক ৭১ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ২৩ দশমিক ৬৯ শতাংশ ও প্রিমিয়ার ব্যাংকের ২২ দশমিক ৩৯ শতাংশ। ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সুযোগ আছে ব্যাংকগুলোর।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘শেয়ারবাজারে বিনিয়োগের জন্য সহযোগী প্রতিষ্ঠানকে ব্যাংক যে ঋণ দিয়েছিল, তাতে ঝুঁকি ছিল, এর ফলে আর কোনো ঝুঁকি থাকল না। ঋণ কমে আসায় ব্যাংকগুলোও নতুন করে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ পেল। এখন সব ব্যাংক মিলে শেয়ারবাজারে আরও সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে।’