শেয়ারবাজারের বড় উত্থান মিলিয়ে গেল দিন শেষে
দিনের শুরুর উত্থান ধরে রাখতে পারেনি শেয়ারবাজারের সূচক। তাই দিন শেষে আজ মঙ্গলবারও বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ মঙ্গলবারও ৭৭ পয়েন্ট বা ১ শতাংশ কমে গেছে। গতকাল সোমবার এ সূচক কমেছিল ৮৯ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ। তার আগের দিন রোববার কমেছিল ৫৭ পয়েন্ট। সেই হিসাবে চলতি সপ্তাহের তিন কার্যদিবসে ঢাকার বাজারের প্রধান সূচকটি ২২৩ পয়েন্ট খুইয়েছে। তাতে আজ দিন শেষে সূচকটি নেমে এসেছে ৭ হাজার পয়েন্টের ঘরে।
শেয়ারবাজারে আজ দিনের শুরুটা হয়েছিল সূচকের বড় উত্থান দিয়েই। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচকটি আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে যায়। এ সময় লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দাম ছিল ঊর্ধ্বমুখী। সূচক ও শেয়ারের দামের এই ঊর্ধ্বমুখী ধারা বেলা সোয়া একটা পর্যন্ত অব্যাহত ছিল। এরপর শুরু হয় পতন। লেনদেনের শেষ এক ঘণ্টাতেই ব্যাপক দরপতন ঘটে। তাতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম পড়ে যায়। এ নিয়ে টানা সাত দিন দরপতন ঘটল শেয়ারবাজারে।
সূচকের বড় ধরনের পতন হলেও লেনদেনের কিছুটা উন্নতি হয়েছে আজ মঙ্গলবার। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ২৮৯ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ১৮৭ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ। সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৪৯ কোটি টাকায়।