শেয়ারের অধিমূল্য চাইলেই বুক বিল্ডিং পদ্ধতি
অধিমূল্য বা প্রিমিয়াম নিয়ে কোনো কোম্পানি শেয়ারবাজারে আসতে চাইলে সেই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসতে হবে। আর মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ পত্রকোষও মাসিক ভিত্তিতে নিয়মিত প্রকাশ করতে হবে।
কোম্পানির তালিকাভুক্তি ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এমন বিধান সংযোজন করার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আইনি সংশোধনীর একটি খসড়াও চূড়ান্ত করা হয়েছে।
বিএসইসি গতকাল সোমবার এ খসড়া অনুমোদন করে। এখন জনমত জরিপ শেষে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন করে সংশোধনী বিধানগুলো আইনে অন্তর্ভুক্ত করা হবে।
বিএসইসি পাবলিক ইস্যু রুলস সংশোধনীর যে খসড়া অনুমোদন করেছে তাতে বলা হয়েছে, কোনো কোম্পানি শেয়ারের অধিমূল্য দাবি করলে ওই সেটির জন্য বুক বিল্ডিং পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক। তাতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে ওই কোম্পানির শেয়ারের অধিমূল্য নির্ধারিত হবে। এর বাইরে যেসব কোম্পানি অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে শেয়ার ছাড়বে সেসব কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে বাজারে আসতে পারবে।
বুক বিল্ডিং পদ্ধতিতে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পরিধিও বাড়ানো হয়েছে। বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক বা অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, বিকল্প বিনিয়োগ তহবিল, স্বীকৃত পেনশন ও প্রভিডেন্ট তহবিলকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দরপ্রস্তাবে অংশগ্রহণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানি রোড শো সম্পন্ন হওয়ার পরপর কোম্পানির বিবরণীপত্র বা প্রসপেক্টাস সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে খসড়া সংশোধনীতে। তবে এ ক্ষেত্রে কোম্পানি কত শেয়ার বিক্রি করবে বা কী দামে বিক্রি করবে তা উল্লেখ করা যাবে না।
মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া সংশোধনী: বিএসইসির এ-সংক্রান্ত সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি ফান্ড পুঁজিবাজার ও পুঁজিবাজারের বাইরে যে বিনিয়োগ করেছে তার পত্রকোষ প্রতিবেদন মাস শেষে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বর্তমানে ফান্ডগুলোর বিনিয়োগ সম্পর্কে তেমন কোনো তথ্য জনসাধারণ জানতে পারে না। এ কারণে অনেক সম্পদ ব্যবস্থাপক তহবিলের অর্থ নানাভাবে অপব্যবহার করেছে। সাম্প্রতিক সময়ে এক তহবিল ব্যবস্থাপকের বিরুদ্ধে কয়েক শ কোটি টাকা লুটপাটের তথ্যপ্রমাণও পেয়েছে বিএসইসি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। পাশাপাশি তহবিলের টাকা তহবিলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া সংশোধনীতে বলা হয়েছে, কোনো সম্পদ ব্যবস্থাপক যদি তহবিলের বিপরীতে ইউনিটধারীদের লভ্যাংশ দিতে না পারে তাহলে ওই সম্পদ ব্যবস্থাপকের মাশুল বা ফি কেটে নেওয়ার বিধান থাকবে। আবার কোনো সম্পদ ব্যবস্থাপক যদি নির্দিষ্ট হারের বেশি নগদ লভ্যাংশ দেয় তাহলে ওই সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান তহবিল থেকে নির্দিষ্ট হারে বোনাস ফি পাবে।
খসড়া সংশোধনীগুলো আইনে সংযোজন হলে কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইচ্ছে করলেই যখন-তখন তহবিলের বিপরীতে লভ্যাংশ হিসেবে পুনর্বিনিয়োগ (রি-ইনভেস্টমেন্ট বা বোনাস) দিতে পারবে না। তা নির্দিষ্ট করে দেবে বিএসইসি। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণার বিধান রাখা হয়েছে। যদি কোনো ফান্ডের প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি না থাকলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া যাবে।
বিএসইসির খসড়ায় আরও বলা হয়েছে, সম্পদ ব্যবস্থাপক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও নিয়োগের আগে কমিশনের অনুমোদন নিতে হবে। আর সম্পদ ব্যবস্থাপক কোম্পানি হিসেবে কোনো প্রতিষ্ঠান বিএসইসির নিবন্ধন নিতে চাইলে ওই কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ১০ কোটি টাকা।