শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রোববার দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন উপপরিচালক মুস্তারি জাহান ও শামসুর রহমান। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসইসির সার্ভিল্যান্স সিস্টেম ডরিন পাওয়ারের শেয়ার লেনদেনে অস্বাভাবিকতার কিছু বার্তা পেয়েছে। এর কারণ খুঁজে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়েই ঢাকার বাজারে লেনদেনে একক আধিপত্য বিস্তার করেছে ডরিন পাওয়ার। ওই সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার এ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪৩ টাকা। ১৬ অক্টোবর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৭০ টাকা। সেখান থেকে গতকাল রোববার দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭০ পয়সায়। লভ্যাংশ ঘোষণা ও আয়ের খবরকে কেন্দ্র করেই বাজারে এটির শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়।
চলতি বছরের এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ডরিন পাওয়ার। তালিকাভুক্তির পর প্রথমবারের মতো গত সপ্তাহে এটির শেয়ারের বাজারমূল্য ১০০ টাকা ছাড়িয়ে যায়।