শেয়ারের দর কমেছে সেই তিন কোম্পানির, ক্রেতাশূন্য ওয়ালটন হাই-টেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার

বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও সরকারি মালিকানাধীন কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) নতুন করে আরও শেয়ার ছাড়তে হবে। গতকাল রোববার এ নির্দেশনা জারি করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এর প্রভাবে আজ সোমবার তিনটি কোম্পানিরই শেয়ারের দর কমে গেছে।

বেলা ১১টা নাগাদ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের দর আগের দিনের চেয়ে ১০৮ টাকা বা ৫ দশমিক ৬২ শতাংশ কমেছে, লেনদেন হচ্ছে ১ হাজার ৮১৩ টাকায়। ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজের দর আগের দিনের চেয়ে কমেছে ৮৯ টাকা ৮০ পয়সা। বেলা ১১টা নাগাদ দেখা যায়, কোম্পানিটি ক্রেতাশূন্য হয়ে পড়েছে। সে সময় কোম্পানিটির দর ছিল ১ হাজার ৩৪৭ টাকা। অন্যদিকে আইসিবির শেয়ারের দর কমেছে ৬ টাকা বা ৪ দশমিক ২৩ শতাংশ, লেনদেন হচ্ছে ১৩৬ টাকায়।

গতকাল বিএসইসির নির্দেশনায় বলা হয়, কোম্পানি তিনটিকে মোট ১০ শতাংশ করে শেয়ার বাজারে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ১০ শতাংশের চেয়ে যার যত কম শেয়ার বাজারে আছে, সেই কোম্পানিকে তত শেয়ার নতুন করে বাজারে ছাড়তে হবে। বাজারে যে কোম্পানির ৫ শতাংশ লেনদেনযোগ্য শেয়ার রয়েছে, সেই কোম্পানিকে নতুন করে আরও ৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। এ জন্য নতুন করে শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিগুলো।