কম লভ্যাংশ দেওয়ায় ‘এ’ শ্রেণি থেকে ‘বি’ শ্রেণিতে নামছে কোম্পানিটি
শ্রেণি অবনতিতেও মূল্যবৃদ্ধির শীর্ষে গোল্ডেনসন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেনসনের শ্রেণি অবনমন ঘটছে। কোম্পানিটি আজ মঙ্গলবার থেকে ‘এ’ শ্রেণির পরিবর্তে ‘বি’ শ্রেণিভুক্ত হবে। শেয়ারধারীদের কম লভ্যাংশ দেওয়ার কারণেই মূলত নিয়ম অনুযায়ী কোম্পানিটির শেয়ারের এ শ্রেণি অবনমন ঘটতে যাচ্ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক বছর শেষে কোম্পানিটি সাধারণ শেয়ারধারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি আর্থিক বছর শেষে শেয়ারধারীদের ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে ওই কোম্পানিকে ‘বি’ শ্রেণিভুক্ত করা হয়। সেই হিসেবে সদ্য সমাপ্ত আর্থিক বছর শেষে শেয়ারধারীদের ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটির শ্রেণি অবনতি ঘটছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের আর্থিক বছর শেষেও গোল্ডেনসন শেয়ারধারীদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আর ২০১৩ সালের আর্থিক বছর শেষে এ লভ্যাংশের পরিমাণ ছিল ২৫ শতাংশ।
শ্রেণি পরিবর্তনের কারণে গোল্ডেনসনের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধাও এক মাসের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন হলে ওই কোম্পানির শেয়ারের বিপরীতে ৩০ কার্যদিবস ঋণ সুবিধা বন্ধ রাখা হয়।
এদিকে শ্রেণি অবনমন ঘটলেও গতকাল সোমবার ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেনসন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়। আর দিন শেষে কোম্পানিটির প্রায় ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
অপরদিকে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দীর্ঘদিন পর ৫ হাজার পয়েন্ট ছুঁইছুঁই করছে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে এ সূচকটি প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯৯৪ পয়েন্টে। ২০১৪ সালের ১২ নভেম্বরের পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। সর্বশেষ ২০১৪ সালের ১২ নভেম্বর ডিএসইএক্স প্রায় ৫ হাজার ৬ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।
বড়দিন উপলক্ষে গত রোববার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। এ কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন ছিল মূলত গতকাল। এদিনও সূচকের পাশাপাশি লেনদেনেরও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮২ কোটি টাকা বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, এদিনের বাজারে লেনদেনে আধিপত্য ছিল প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানির। এ চার খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬২০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৫৮ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ১৩০ পয়েন্ট বেড়েছে। আর দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।