সংস্কার না করলে পুঁজিবাজারে বিনিয়োগ হবে না: ইব্রাহিম খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার না করে শুধু কর কমিয়ে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ রোববার ‘বাজেট ২০১৫-১৬ কতটা প্রান্তজন-বান্ধব? ’ শীর্ষক মতবিনিময় সভায় ইব্রাহিম খালেদ এ সব কথা বলেন। বেসরকারি সংস্থা সমুন্নয় আয়োজিত এই সভায় মূল বক্তব্য পাঠ করেন প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ (বিআইআইএসএস) সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর।
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর করপোরেটর কর আড়াই শতাংশ কমানো হয়েছে। এটি একটি শুভ উদ্যোগ। অনেকেই এটিকে ব্যবসাবান্ধব নীতি হিসেবে গ্রহণ করেছেন। আমার ধারণা কর কমানো শুভ উদ্যোগ হলেও সেটি কতটা ফলদায়ক হবে সে বিষয়ে সন্দেহ থেকেই যাবে।
ইব্রাহিম খালেদ বলেন, ‘স্টক মার্কেটে বিনিয়োগ হচ্ছে না। তার জন্য দরকার পুঁজিবাজারে সংস্কার। তাই শুধু করপোরেট হার কমানোয় শেয়ারবাজার পুনরুজ্জীবিত হবে এমনটা আশা করা যাচ্ছে না। সে জন্য আশা করব, কর কমিয়ে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সেটিকে একটি পূর্ণতা দেওয়ার প্রয়োজনীয়তা আছে।’
ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেট মোটামুটি প্রান্তজনদের সহায়ক হয়েছে। তবে প্রত্যাশার তো সীমা নেই।’ তবে তিনি বলেন, হত দরিদ্র মানুষের জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেওয়া দরকার। কারণ দরিদ্র কমছে কিন্তু অর্থনৈতিক বৈষম্য কমছে না। বাজেটে দারিদ্র্য বিমোচনের কিছু উপাদান দেখা গেলেও বৈষম্য কমানোর বিষয়ে কিছু নাই।’