সপ্তাহ শেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক
সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে ২১ কোটি টাকা বা ৪ দশমিক ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬৪ কোটি টাকায়।
ডিএসইর সাপ্তাহিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩১৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ১০১ কোটি টাকা বেশি। ডিএসইর মোট লেনদেনের সিংহভাগই ছিল ‘এ’ শ্রেণিভুক্ত কোম্পানিগুলোর।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরে বাজারে সূচক ও লেনদেন নির্দিষ্ট একটি সীমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বড় ধরনের কোনো উত্থান-পতন নেই। এটি একদিক থেকে ভালো হলেও বাজারে নতুন বিনিয়োগকারী টানতে সহায়ক নয়। কারণ বাজারে গতি না থাকলে তা সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আগ্রহ তৈরি করে না।
ঢাকার বাজারে গত সপ্তাহে ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ১২১টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল এমবি ফার্মা। এরপরের অবস্থানে ছিল জেমিনি সী ফুড।
গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে ছিল মবিল যমুনা লুব্রিকেন্টস। এককভাবে কোম্পানিটির প্রায় ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল তিতাস গ্যাস। রাষ্ট্র খাতের এ কোম্পানিটির সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা।