সপ্তাহ শেষে লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৭৩৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন ৩৩৩ কোটি টাকা বেড়েছে।
লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচক। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৭৮ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৫৯১ পয়েন্ট।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিনের দরপতনের পর বাজার আবারও তার নিজস্ব গতি ফিরে পেতে শুরু করেছে। নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। পাশাপাশি নতুন বিনিয়োগও আসছে। ফলে সূচক ও লেনদেনে কিছুটা গতি সঞ্চার হয়েছে।
সপ্তাহজুড়ে ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ছিল আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ারের। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানি দুটির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৪৩৯ কোটি টাকা। এর মধ্যে এককভাবে লংকাবাংলার ২৬২ কোটি ও বারাকা পাওয়ারের ১৭৭ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, লভ্যাংশ ঘোষণার খবরে লংকাবাংলার শেয়ারের দাম ও লেনদেনে গতিকে ত্বরান্বিত করেছে। এতে সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। আর বারাকা পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ। যদিও বারাকা পাওয়ারের শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে সুনির্দিষ্ট কোনো খবর ছিল না।