সপ্তাহের প্রথম দিনে সূচকে ইতিবাচক ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিনে আজ রোববার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অবশ্য এতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক অবস্থান করছে চার হাজার ৭৭২ পয়েন্টে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও মাঝখানে কয়েক দফা তা ওঠানামা করে। ডিএসইতে এদিন ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪ টির দাম বেড়েছে। কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৪৩৪ কোটি টাকার, যা আগের দিনের (বৃহস্পতিবার) চেয়ে ৬৪ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) আজ সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বৃহস্পতিবারের চেয়ে তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০৪ পয়েন্টে। এই বাজারে আজ হাত বদল হয়েছে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের (বৃহস্পতিবার) চেয়ে সাত কোটি টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড। প্রতিষ্ঠানটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এমারলড ওয়েল প্রভৃতি।