সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বড় উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদ-পরবর্তী সপ্তাহ শেষে সূচক ও লেনদেন দুই–ই বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি টাকা বা প্রায় ২৯ শতাংশ। আর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫২ পয়েন্ট বা সোয়া তিন শতাংশ।
ঈদের ছুটির আগে ও পরে দুই সপ্তাহেই শেয়ারবাজারে তিন দিন করে লেনদেন হয়। ছুটির আগে-পরের মাঝখানে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় কার্যদিবস লেনদেন বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে আর্থিক বছর শেষ হওয়া কোম্পানিগুলো লেনদেনের ক্ষেত্রে বেশ শক্তিশালী অবস্থানে ছিল। কারণ জুন মাসে যেসব কোম্পানির আর্থিক বছর শেষ হয়েছে, আগামীতে সেসব কোম্পানি থেকে শেয়ারধারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বেশ কিছু কোম্পানির অর্ধবার্ষিক ও প্রান্তিক প্রতিবেদনও প্রকাশ করা হয়। তাতে যেসব কোম্পানির আয় বেড়েছে সেগুলোর শেয়ারের প্রতিও ছিল বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ।
ডিএসইর সাপ্তাহিক বাজার প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের তিন কার্যদিবসে প্রায় দুই হাজার ২২ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল এক হাজার ৫৬৯ কোটি টাকা, বৃদ্ধির হার প্রায় ২৯ শতাংশ। গত সপ্তাহের মোট লেনদেনের মধ্যে ১ হাজার ৮৭০ কোটি টাকার লেনদেনই ছিল মৌলভিত্তি সম্পন্ন ‘এ’ শ্রেণিভুক্ত কোম্পানির।
সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে ১৫১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪ কোটিতে। গত সপ্তাহের তিন কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ১৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮০৮ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে ৩২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৮টিরই দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম।