সপ্তাহের ব্যবধানে সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে
সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন বেড়েছে ডিএসইতে। অপর দিকে সূচক বাড়লেও লেনদেন কমেছে সিএসইতে।
এ ছাড়া সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচক বেড়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬৭৭ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ০৮ পয়েন্ট কমে হয় ৪৬৭১ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১০৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো অ্যাপেক্স ফুটওয়্যার, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ডরিন পাওয়ার, যমুনা অয়েল, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড ও মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড। ডিএসইতে আজ ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির। অপরিবর্তিত ৫৫টির দাম।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪৬৭২ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৬৩ কোটি টাকা। চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২৯৪৭ কোটি টাকা। গেল সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ছিল ২১৮৩ কোটি টাকা।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ১৪ দশমিক ৯৮ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৮ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ১৫ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১১টির, অপরিবর্তিত ৪৮টির।